লোকালয়ে ঘুরছিল মেছো বাঘ, আটক করে বনে অবমুক্ত
ফেনীর সদর উপজেলার মোটবী ইউনিয়নের শাহাপুর গ্রামের লোকালয়ে ঘুরছিল মেছো বাঘ। আজ রোববার মেছো বাঘটি আটক করে বন বিভাগের সহায়তায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
ফেনীর বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে শাহাপুর গ্রামের ফকির বাড়ির পাশে একটি মেছো বাঘকে ঘোরাফেরা করতে দেখেন গ্রামের লোকজন। তাঁরা সংঘবদ্ধ হয়ে মেছো বাঘটি আটক করে বন বিভাগকে জানান। বন বিভাগের লোকজন ঘটনাস্থল থেকে বাঘটিকে উদ্ধার করে ফেনীর পরশুরামের সীমান্তবর্তী বিলোনিয়ার সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেন।
ফেনী সদর উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বলেন, আজ দুপুরের দিকে মেছো বাঘটিকে উদ্ধার করা হয়। সম্ভবত ওই এলাকার কোনো পোলট্রি খামারে মোরগ খেতে এসেছিল বাঘটি। পরে স্থানীয় লোকজন মেছো বাঘটিকে আটক করে তাঁদের খবর দেন। বন বিভাগের লোকজন সেটি উদ্ধার করে বিলোনিয়ার সংরক্ষিত বনে অবমুক্ত করেন।