লোকালয়ে ঢুকে প্রাণ গেল মেছো বাঘের
জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মহিশুরা গ্রামের লোকালয়ে ঢুকে একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। গ্রামের লোকজন মেছো বাঘটিকে শিকল দিয়ে বেঁধে রাখেন। ওই অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে বাঘটির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাত ১০টার দিকে মহিশুরা গ্রামের একটি বিল থেকে মেছো বাঘটি লোকালয়ে ঢুকে পড়ে। স্থানীয় লোকজন এতে আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশ থেকে লোকজন জড়ো হয়ে যান। পরে গ্রামবাসী এটিকে ধরে শিকল দিয়ে বেঁধে রাখেন। এ অবস্থায় আজ দুপুরে মেছো বাঘটির মৃত্যু হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোনে একজন বলেন, বড় শিকল দিয়ে মেছো বাঘটিকে বাঁধা অবস্থায় দেখেছেন তিনি। পরে বাঘটি মারা গেছে।
জামালপুর সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) তোফাজ্জল হোসেন প্রথম আলো বলেন, গ্রামে কোনো বাঘ আটক করা অবস্থায় বা শিকল দিয়ে বাঁধা অবস্থায় মৃত্যুর বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।