লোকালয়ে হনুমান...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বাড়ির টিনের চালে দেখা যাচ্ছে হনুমান। তালতলা, ঘাগোয়া ইউনিয়ন, গাইবান্ধা, ২০ ফেব্রুয়ারি। ছবি: শাহাবুল শাহীন
এক বাড়ির টিনের চালে দেখা যাচ্ছে হনুমান। তালতলা, ঘাগোয়া ইউনিয়ন, গাইবান্ধা, ২০ ফেব্রুয়ারি। ছবি: শাহাবুল শাহীন

এক সপ্তাহ ধরে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের তালতলা গ্রামের লোকালয়ে একটি হনুমান দেখা যাচ্ছে। এর আগে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ও সাঘাটা উপজেলায়ও হনুমানটি দেখা যায়। হনুমানটিকে দেখতে শিশু-নারীসহ উৎসুক জনতার ভিড় লক্ষ করা যাচ্ছে। তারা হনুমানটিকে কলা, আপেলসহ নানা রকমের ফল খাওয়াচ্ছেন, কেউ কেউ আবার হনুমানটিকে উত্ত্যক্তও করছেন।

বুধবার দুপুরে তালতলা গ্রামে গিয়ে জয়নাল আবেদীনের টিনের চালে হনুমানটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। এ গাছ থেকে ও গাছে যাচ্ছে হনুমানটি। আবার কখনো বাড়ির ছাদে ও ঘরের চালে ঘুরে বেড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভারতসংলগ্ন পঞ্চগড় জেলার সীমান্ত এলাকা থেকে পাথর নিয়ে আসা একটি ট্রাকে চড়ে হনুমানটি এলাকায় এসেছে বলে তাঁরা ধারণা করছেন। এখন এটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে। হনুমানটি মানুষ দেখলেই কখনো গাছের উঁচু ডালে, কখনো ঘরের চালে উঠছে। শিশুরা ঢিল ছুড়ে হনুমানটিকে নানাভাবে উত্ত্যক্ত করছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকায় হনুমান আসার কথা শুনেছি। বিষয়টি ঢাকার প্রধান কার্যালয়কে অবহিত করা হয়েছে, যাতে হনুমানটি ধরে ঢাকা চিড়িয়াখানায় পাঠানো যায়।’ এলাকার মানুষকে হনুমানটিকে উত্ত্যক্ত না করার পরামর্শও দেন তিনি।