লোহাগড়ায় আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
নড়াইলের লোহাগড়ায় দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। নলদী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মিঠাপুর বাজারে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
আবুল কালাম আজাদ গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবার মনোনয়নবঞ্চিত হয়ে তিনি দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন। চতুর্থ ধাপে ৬ ডিসেম্বর এ ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হবে।
বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিঠাপুর বাজারে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বিশ্বাস (নৌকা প্রতীক) এবং বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদের (আনারস প্রতীক) নির্বাচনী কার্যালয় পাশাপাশি অবস্থিত। আবুল কালাম আজাদের সমর্থকেরা নৌকার নির্বাচনী কার্যালয়ের সামনে দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উসকানিমূলক কথাবার্তার একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে লাঠি ও ইটপাটকেল ব্যবহার করেন উভয় পক্ষের সমর্থকেরা।
আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমি নামাজ পড়ে আমার নির্বাচনী কার্যালয়ের সামনে এসে দাঁড়ালেই জাহাঙ্গীর আলমের সমর্থকেরা আমার ও আমার সমর্থকদের ওপর হামলা করে। লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি মারে।’
নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ‘আবুল কালাম আজাদের লোকজন আমার নির্বাচনী কার্যালয়ে হামলা করলে সংঘর্ষ হয়।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা বলেন, উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ছোটখাটো সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।