লোহাগাড়ায় ২৯টি পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ
লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়নে এবার ৯৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৯টি পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদ।
উপজেলার চুনতি ইউনিয়নে দুটি, বড়হাতিয়ায় চারটি, আধুনগরে একটি, পুটিবিলায় দুটি, আমিরাবাদে ছয়টি, কলাউজানে ছয়টি, চরম্বায় একটি ও পদুয়ায় সাতটি মণ্ডপ ঝুঁকিপূর্ণ বলে জানান লোহাগাড়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ কান্তি নাথ।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনুর রহমান বলেন আসন্ন দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সরকার এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দিয়েছে। প্রতিটি ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। এ ব্যাপারে লোহাগাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রীনিবাস দাশ বলেন, ‘সরকারের কিছু নির্দেশনা মেনে চললে এবং আমরা প্রত্যেকে সচেতন হলে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান প্রথম আলোকে জানান, লোহাগাড়ার ৯৭টি মণ্ডপে যাতে পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, এ ব্যাপারে পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে।