লোহাগাড়া দুর্ঘটনা: ট্রাকচালকের ভারী গাড়ি চালানোর লাইসেন্স ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করেছে র‌্যাব
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেট কার চাপা দেওয়া ট্রাকটির চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। ট্রাকচালক মো. রিপন (৩১) হালকা যানের লাইসেন্স নিয়ে ভারী যানবাহন চালাচ্ছিলেন বলে র‍্যাব জানিয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের ডবলমুরিং থানার বারিক বিল্ডিং এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করে র‍্যাব–৭। তিনি বদলি হিসেবে ওই ট্রাকটি চালাচ্ছিলেন।

র‍্যাব-৭–এর পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, রিপন ২০০৪ সালে চট্টগ্রামে আসেন। প্রথমে গাড়ির সহকারী হিসেবে কাজ শুরু করেন। ২০০৬ সালে এক দুর্ঘটনায় তাঁর ডান পা ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ওই পায়ে জোর কম। এরপরও বেপরোয়াভাবে গাড়িটি চালাচ্ছিলেন রিপন। তাঁর ভারী যান চালানোর লাইসেন্স ছিল না।

র‍্যাব আরও জানিয়েছে, ডাম্পার ট্রাকটির মূল চালক ছিলেন মো. নুরনবী। তাঁর বদলি হিসেবে রিপন ট্রাকটি চালাচ্ছিলেন। পেকুয়া মেরিন ড্রাইভ ও চার লেনের চলমান সড়ক নির্মাণের পাথর বোঝাই করে ফিরছিল ট্রাকটি।

সোমবার ভোরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচ তরুণ নিহত হন। তরুণেরা বন্ধু ছিলেন। তাঁরা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন।