লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় এবার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে মহাসড়কের লোহারদীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তাৎক্ষণিক তিনজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন মো. আয়ুব (৩৮), লিটন সরকার (৩৫) ও মোশাররফ হোসেন (৩৪)।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লোহাগাড়া সদরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ‍সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে কক্সবাজারমুখী আর এস পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী সেন্টমার্টিন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকনিকের বাসের বেশ কিছু যাত্রী ও চালক আহত হন। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

আর এস পরিবহনের বাসের আহত যাত্রী মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, সিরাজগঞ্জ থেকে ৪৭ জন যাত্রী নিয়ে তাঁদের পিকনিকের বাসটি কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। তাঁদের বাসটি লোহাগাড়ার লোহারদীঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁদের বাসের চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে মোট কতজন আহত হয়েছেন তা আপাতত বলা যাচ্ছে না। দুর্ঘটনার পরপর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা এখন ঘটনাস্থল থেকে বাস দুটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’

এর আগে গত সোমবার ভোরে মহাসড়কের লোহাগাড়ার আধুনগর এলাকায় ট্রাক ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচ বন্ধু নিহত হন। ওই ট্রাকের চালক মো. রিপনকে মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি মূলত ওই ট্রাকটির সহকারী ছিলেন। এ ছাড়া মঙ্গলবার দুপুরে মহাসড়কের লোহাগাড়ার চুনতির হাজির রাস্তা এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে মিতালী সিকদার (৫৫) নামের এক নারী গুরুতর আহত হন। পরে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।