লোহাগড়ায় আ.লীগের ৯ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগ

নড়াইলের লোহাগড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৯ জনকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খানের স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। তাই ওই ৯ প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল শিকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাবেক অর্থবিষয়ক সম্পাদক সৈয়দ বোরহান উদ্দিন, সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল ও সাবেক সদস্য মো. শহিদুর রহমান, লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এস এম কামরুল ও সাধারণ সম্পাদক মো. দাউদ হোসেন, নলদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ এবং কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যসচিব মো. আজিজুর রহমান।

জানতে চাইলে বহিষ্কার হওয়া মো. দাউদ হোসেন বলেন, ‘আমার পূর্বপুরুষেরা আওয়ামী লীগ করেছেন, আমিও আওয়ামী লীগ করি এবং করব। দলের কর্মী হিসেবে কাজ করে যাব। আমার অবস্থান নৌকার বিরুদ্ধে নয়, ব্যক্তির বিরুদ্ধে। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর এ উপজেলার ১২টি ইউপিতে ভোট গ্রহণ হবে।