লোহাগড়ায় করোনায় তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পারিবারিক সূত্রে এ তথ্যের সত্যতা নিশ্চিত হয়েছে।
মারা যাওয়া ওই তরুণের নাম লিমন মুন্সী (২২)। তিনি উপজেলার ইতনা ইউনিয়নের উত্তরপাংখারচর গ্রামের মৃত কাবুল মুন্সীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, লিমন ১০-১২ দিন আগে থেকে জ্বরে ভুগছিলেন। তাঁর কাশি, মাথাব্যথা ও শ্বাসকষ্ট ছিল। শেষের দিকে বমি ও পাতলা পায়খানা হয়। এ অবস্থায় গত শনিবার পর্যন্ত বাড়িতেই ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গত শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নমুনা পরীক্ষা করে তাঁর করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ আসে। গতকাল রোববার বিকেলে ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গতকাল দিবাগত রাত দুইটার দিকে তাঁকে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ পলী রানী মৈত্র জানান, কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে এটি উপজেলায় তৃতীয় মৃত্যু। এর আগে কুমড়ি গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য নজরুল ইসলাম (৫৪) ও লোহাগড়া বাজারের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৮) মারা যান।

এ উপজেলায় গত ২৪ ঘণ্টায় একজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগের দিন রোববার ১১ জনের করোনা শনাক্ত হয়। উপজেলায় কোভিড-১৯ রোগীর মোট সংখ্যা ৪২৪।