লোহাগড়ায় করোনায় ব্যবসায়ীর মৃত্যু
কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে নড়াইলের লোহাগড়া বাজারের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি বাড়িতে মারা যান। আজ শুক্রবার উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
করোনায় মারা যাওয়া ওই ব্যবসায়ীর নাম তরিকুল ইসলাম (৩৮)। তিনি লোহাগড়া উপজেলা সদরের পোদ্দারপাড়ার বাবু খানের ছেলে। তিনি লোহাগড়া বাজারের খান ইলেকট্রনিকসের মালিক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (সংক্রামক রোগনিয়ন্ত্রণ দায়িত্বপ্রাপ্ত) রিপন কুমার ঘোষ জানান, তরিকুল ইসলাম করোনা শানক্তের পরীক্ষা করার জন্য ১৫ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে গিয়েছিলেন। ১৭ আগস্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়।
ব্যবসায়ী তরিকুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, তরিকুল ইসলাম ১০-১২ দিন আগে থেকে জ্বরে ভুগছিলেন। তাঁর হালকা শ্বাসকষ্টও ছিল। তিনি উচ্চরক্তচাপের রোগী ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ পলী রানী মৈত্র জানান, করোনায় আক্রান্ত হয়ে এটি উপজেলায় দ্বিতীয় মৃত্যু। এর আগে কুমড়ি গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য নজরুল ইসলাম (৫৪) করোনায় মারা যান। এ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৪১২।