লোহাগড়ায় দুই কর্মকর্তার করোনা শনাক্ত, দুই ব্যাংক বন্ধ

নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের সোনালী ব্যাংক লক্ষ্মীপাশা শাখার (ট্রেজারি শাখা) এক কর্মকর্তার এবং অগ্রণী ব্যাংক লোহাগড়া বাজার শাখার ব্যবস্থাপক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাখা দুটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সোনালী ব্যাংক লক্ষ্মীপাশা শাখার দ্বিতীয় কর্মকর্তা মুন্সী সেকেন্দার আলীর করোনার নমুনা পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ আসে। এ শাখার আরও চার কর্মকর্তার উপসর্গ রয়েছে। আর অগ্রণী ব্যাংক লোহাগড়া বাজার শাখার ব্যবস্থাপক হাসান তারেকের করোনা ‘পজিটিভ’ জানা যায় গত মঙ্গলবার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র বলেন, অগ্রণী ব্যাংকের ওই শাখা বুধবার (১৭ জুন) থেকেই বন্ধ রাখা হয়েছে। সোনালী ব্যাংকের অন্য কর্মীদের আজ বৃহস্পতিবার নমুনা নেওয়া হয়েছে। তাঁদের প্রতিবেদন আসার আগ পর্যন্ত ওই শাখাও বন্ধ থাকবে।