লোহাগড়ায় বিএনপির আহ্বায়কের ওপর হামলা, সদস্যসচিব আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলা
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপির আহ্বায়ক জি এম নজরুল ইসলামের ওপর হামলা হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের মরণমোড় এলাকায় রাস্তার ওপর এ ঘটনা ঘটে। এদিকে এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সদস্যসচিব টিপু সুলতানকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা দেড়টার দিকে মোটরসাইকেলে নজরুল ইসলাম শালনগর থেকে লোহাগড়া যাচ্ছিলেন। এ সময় তিনি মরণমোড় এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নজরুল ইসলামের পথ রোধ করে তাঁর ওপর হামলা চালায়।

এ সময় তারা দেশি অস্ত্র দিয়ে নজরুল ইসলামের কোমরের অংশে উপর্যুপরি কোপ দেয়। এরপর স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা বিএনপিতে দুটি পক্ষ রয়েছে। এর মধ্যে জি এম নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব সেলিম কাজীসহ আরও কয়েকজন নেতা একপক্ষের নেতৃত্ব দেন। অন্যদিকে আরেক পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির আরেক সদস্যসচিব ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান।

হামলার প্রসঙ্গে সেলিম কাজী প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, টিপু সুলতানের নেতৃত্বে তাঁকে (নজরুল ইসলামকে) কোপানো হয়েছে। আমরা মুরব্বিরা ভদ্র রাজনীতি করি। অন্যপক্ষে কিছু বেয়াদব ছেলেপেলে আছে, তারা বিএনপির রাজনীতি নোংরা করছে।’

এদিকে নাম প্রকাশ না করার শর্তে টিপু সুলতানের দুজন সহযোগী প্রথম আলোকে বলেন, টিপু সুলতানকে বাদ রেখে আজ ওই এলাকায় উপজেলা বিএনপির নেতারা বৈঠক করেন। ওই সভায় টিপুর বিপক্ষে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কারা হামলা করেছে, এ বিষয়ে ওই দুজন কিছু জানাননি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা বলেন, বিএনপির লোকজনের মৌখিক অভিযোগের ভিত্তিতে ওই ঘটনায় জড়িত সন্দেহে টিপু সুলতানকে আটক করা হয়েছে। হামলার শিকার বিএনপির নেতা এখন আশঙ্কামুক্ত। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে মামলা হবে।