লোহার রড নিয়ে মারামারি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

লোহার রড নিয়ে মারামারি করতে গিয়ে খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা নগরের দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন খান মোহাম্মদ শাওন (৩৫) ও তাঁর স্ত্রী জান্নাত বেগম (২৬)। রাজমিস্ত্রির কাজ করতেন মোহাম্মদ শাওন। তাঁদের চার বছরের এক কন্যাসন্তান আছে।

টুটপাড়া ফায়ার সার্ভিস ও খুলনা থানা-পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ শাওন তাঁর পরিবার নিয়ে দক্ষিণ টুটপাড়ার একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। দুজনের হাতে তিন থেকে চার হাত লম্বা লোহার রড দেখা যায়। ওই রড ভবনের বারান্দা ঘেঁষে যাওয়া বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনে লেগে বিদ্যুৎস্পৃষ্টে দুজন একসঙ্গে মারা যান।

বাড়ির মালিক নাসির উদ্দিন বলেন, চার মাস আগে শাওন বাসাভাড়া নেন। পারিবারিক কোন্দলের জেরে হয়তো লোহার রড নিয়ে স্বামী-স্ত্রী একে অপরকে আঘাত করতে গিয়েছিলেন। আর সেই রড বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্টে তাঁরা মারা যান।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ দাফনের আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দুটি হস্তান্তর করা হবে।