লৌহজং-টঙ্গিবাড়ীতে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণকাজের উদ্বোধন
মুন্সিগঞ্জের লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলায় পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক লৌহজংয়ের হাড়িদিয়া উচ্চবিদ্যালয় মাঠে ‘পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আবদুল মতিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়াল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ব্যাপারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বি এম শোয়েব প্রমুখ।
আলোচনা সভায় উপমন্ত্রী এনামুল হক বলেন, ‘গুণগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ে যেন এ প্রকল্পের কাজ শেষ করা হয়। প্রকল্পের মান এমন হতে হবে, যেন আগামী ৫০ বছরেও এ এলাকায় নদীভাঙন দেখা না দেয়। লৌহজংয়ের ওপর দিয়ে পদ্মা সেতু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার জন্যই পদ্মা সেতু আলোর মুখ দেখছে। আপনাদের আমি দিন-তারিখ জানাতে পারছি না, তবে জুনের শেষ সপ্তাহে পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে।’
বিএনপির সমালোচনা করে উপমন্ত্রী বলেন, বিএনপিকে মানুষ ক্ষমতায় দেখতে চায় না। খালেদা জিয়াকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করার পর বিএনপি ঢাকা শহরে বড় একটা মিছিল পর্যন্ত করতে পারেনি।
মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শঙ্কর চক্রবর্তী জানান, লৌহজং উপজেলার খড়িয়া থেকে টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় পর্যন্ত পদ্মার ভাঙনরোধে ৪৪৬ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এ প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ করবে।