লৌহজংয়ে ‘চোর’ সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যা, আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মো. জুলহাস হাওলাদার নামের এক রিকশাচালককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পদ্মা সেতুসংলগ্ন মাওয়া চার রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
নিহত জুলহাস হাওলাদার (৩৫) উপজেলার কুমারভোগ পুনর্বাসনের মৃত হাসান হাওলাদারের ছেলে। তিনি ব্যাটারিচালিত রিকশা চালাতেন।

আটক ১০ ব্যক্তি হলেন মো. সেলিম, মো.রাব্বি, তপু মিয়া, আল-আমিন হোসেন, আরিফ হোসেন, আবদুল মান্নান, ইসরাফিল, রুবেল হোসেন, সুশান্ত শীল ও মীর শাহ আলম। দুপুর ১২টার দিকে তাঁদের আটক করা হয়।

নিহত জুলহাসের ভাবি রুবিনা আক্তার বলেন, ‘চার-পাঁচ মাস আগে জুলহাস পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। নিজে টাকা জমিয়ে একটি অটোরিকশা কেনার পর তিনি সেই কাজ ছেড়ে দেন। শুক্রবার সকাল ছয়টার দিকে জুলহাসকে মুঠোফোনে এক ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর ঘণ্টা খানিক পরে রেলওয়ে সেতুর শ্রমিকদের নাইট শিফট ইনচার্জ সেলিম হোসেন আমাদের ফোন করে জানান, জুলহাস নাকি সেখানে চুরি করতে গিয়েছিলেন। তাই শ্রমিকেরা জুলহাসকে পিটিয়েছেন। আহত অবস্থায় জুলহাসকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে অবস্থা অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহতের ভাবির দাবি, ‘যখন জুলহাস রেলওয়ে প্রকল্পে কাজ করতেন, তখন হয়তো তাঁর সঙ্গে কারও কোনো ঝামেলা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই চুরির ঘটনা সাজিয়ে জুলহাসকে মারা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ছয়টার দিকে জুলহাসকে পদ্মা সেতুর কাজে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা চুরির অভিযোগে রড দিয়ে বেদম পেটান। এতে গুরুতর আহত হন জুলহাস। পরে জুলহাসের স্বজনদের খবর দেওয়া হয়। স্বজনেরা এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা জানান, জুলহাসকে চোর সন্দেহে তাঁরা পিটিয়েছেন। তবে নিহতের স্বজনরা দাবি করছেন, পূর্বশত্রুতার জের ধরে জুলহাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল হক প্রথম আলোকে জানান, সকাল নয়টার দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে পুলিশকে ঘটনাটি জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (লৌহজং-শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, দুপুর ১২টা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত এমন ১০ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। স্বজনেরা এলে মামলা নেওয়া হবে।