লড়াই হবে নৌকা ও ধানের শীষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রমজান আলী

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী নাসির উদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশন আওয়ামী লীগ এবং বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির একক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাজেই নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে নির্বাচনী লড়াই হবে।

সদর উপজেলা নির্বাচন কার্যালয় এবং দলীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী দলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমানসহ মেয়র পদে দলের দুই ‘বিদ্রোহী’ প্রার্থী নাসির উদ্দিন আহমেদ এবং জোবাইদা ইসলাম মনোনয়নপত্র জমা দেন। ভোটার তালিকায় ভুল তথ্যের কারণে জোবাইদা ইসলামের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। আর গতকাল বৃহস্পতিবার বিএনপির অপর ‘বিদ্রোহী’ প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে নির্বাচনে এই পৌরসভায় আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী মো. রমজান আলী ও বিএনপির প্রার্থী আতাউর রহমানের সঙ্গে ‘ভোট লড়াই’ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আতাউর রহমান

জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী এর আগে তিন দফায় মেয়রের দায়িত্ব পালন করেন। তবে গতবারের মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও দলের ‘বিদ্রোহী’ প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদার কাছে পরাজিত হন। আর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বিগত দুই দফায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এই দুই প্রার্থীরই ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে।

এদিকে পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫০ জন মনোনয়নপত্র জমা দেন। তাঁদের ৩ জন প্রত্যাহার ও ১ জনের বাতিল হওয়ায় ৪৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া নারী কাউন্সিলর পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাহিদ হোসেন বলেন, ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।