শখ থেকে আয়ের পথ খুলে দিয়েছে ছাদবাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শখ করে ছাদবাগান করা আসিফ ইকবাল এখন বাণিজ্যিকভাবে গাছের চারা বিক্রি করছেন। নিজের ছাদবাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি তাঁর ছাদবাগানে
ছবি: প্রথম আলো

২০১৫ সাল। হাতখরচের ১০০ টাকা দিয়ে ক্যাকটাসের একটি চারা কেনেন আসিফ ইকবাল। শখ করে বাড়ির ছাদে সেটি লাগান। ওই একটি চারা দিয়েই শুরু। এখন তাঁর বাগানে প্রায় ৩০০ প্রজাতির দুর্লভ ক্যাকটাসের চারা আছে। শখ করে শুরু করলেও এখন বাণিজ্যিকভাবে ছাদবাগান করছেন আসিফ। মাত্র সাত বছরের ব্যবধানে তিনি একজন সফল উদ্যোক্তা।

বগুড়ার সোনাতলা উপজেলা সদরের রেলস্টেশন এলাকায় নিজেদের তিনতলা বাড়ির ছাদে আসিফ ক্যাকটাসের বাগান গড়ে তুলেছেন। আসিফের দাবি, তাঁর ছাদবাগানে যত ধরনের ক্যাকটাস ও কাঁটামুকুট আছে, দেশের কোনো ছাদবাগানে এত দুর্লভ প্রজাতির ক্যাকটাস নেই। আসিফ পড়ালেখার পাশাপাশি সাত বছর আগে বাড়ির ছাদে শখ করে বাগান করেন। এখন সেই বাগানকে বাণিজ্যিক রূপ দিয়েছেন তিনি। শখ থেকে বাণিজ্যিকভাবে গড়ে তোলা বাগান তাঁর বেকারত্ব ঘুচিয়েছে। সুযোগ সৃষ্টি করেছে কর্মসংস্থানের।

আসিফের ছাদবাগানে ক্যাকটাস ছাড়াও প্রায় ৩০০ প্রজাতির বিদেশি কাঁটামুকুট, বনসাইসহ আরও প্রায় ১ হাজার ধরনের শোভাবর্ধনকারী গাছগাছালি আছে। ছাদবাগান থেকে চারা বিক্রি করে প্রতি মাসে আসিফের আয় ৪০ থেকে ৫০ হাজার টাকা।

২০২১ সালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর পাস করেন আসিফ। এরপর কিছুদিন ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এখন পুরো মনোযোগ দিয়ে ছাদবাগান করছেন। ‘বাংলাদেশ ক্যাকটাস লাভারস সোসাইটি’ নামের অনলাইন একটি গ্রুপের সভাপতি তিনি। এ গ্রুপের সদস্য এক লাখের বেশি। এ ছাড়া ‘বাংলাদেশ প্ল্যান্ট লাভারস সোসাইটি’ নামের আরেকটি অনলাইন গ্রুপ আছে তাঁর। খুলেছেন ‘আসিফ দ্য ক্যাটোবয়’ নামের একটি ইউটিউব চ্যানেল। গ্রুপ ও ইউটিউব চ্যানেলে তিনি বাগান গড়ে আয়ের কৌশল ছাড়াও বাগানের সমস্যা, সংকট, চারার যত্ন নেওয়ার কৌশল শেখান। তাঁর দেখাদেখি দেশের অনেক শিক্ষিত তরুণ ছাদবাগান করতে উৎসাহিত হচ্ছেন।

আসিফের ছাদবাগানে ক্যাকটাস ছাড়াও আছে প্রায় ৩০০ প্রজাতির বিদেশি কাঁটামুকুট, বনসাইসহ আরও প্রায় ১ হাজার ধরনের শোভাবর্ধনকারী গাছগাছালি। আছে কাঠগোলাপ, রজনীগন্ধা, সূর্যমুখী, বট-পাকুড়সহ নানা ফুল ও ফলের গাছ। ছাদবাগান থেকে চারা বিক্রি করে প্রতি মাসে আসিফের আয় ৪০ থেকে ৫০ হাজার টাকা।

আসিফের ছাদবাগানে প্রায় ৩০০ প্রজাতির দুর্লভ ক্যাকটাসের চারা আছে। সম্প্রতি তাঁর ছাদবাগান থেকে তোলা
ছবি: প্রথম আলো

আসিফ জানান, তাঁর বাবা আহসান হাবিব গাইবান্ধার মহিমাগঞ্জ ডিগ্রি কলেজের জীববিজ্ঞানের প্রভাষক ছিলেন। মা দিলশাদ আরা বেগম সোনাতলা উপজেলার তেকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি প্রথম আলোকে বলেন, মা-বাবা দুজনই উদ্ভিদবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। সে জন্য উদ্ভিদের সঙ্গে সখ্য ছোটবেলা থেকেই। তবে ছাদবাগানে ক্যাকটাস, বনসাই ও কাঁটামুকুটের মতো বিদেশি দুর্লভ উদ্ভিদের বাগান গড়ার ঝোঁক কার্যত ইউটিউবের ভিডিও দেখে।

আসিফ বলেন, তাঁর বাগানে বর্তমানে ২০ লাখ টাকা মূল্যের নানা দুর্লভ চারা আছে। প্রজাতি ভেদে এসব চারার দাম ১০০ থেকে ৫ হাজার টাকা। বেশির ভাগ চারাই সংগ্রহ করেছেন বিদেশ থেকে। ভারত থেকে ক্যাকটাস ও পাকুল্যান্ড সংগ্রহ করেছেন। থাইল্যান্ড থেকে ক্যাকটাস, বনসাই, কাঁটামুকুট ও অ্যাডেনিয়াম এনেছেন। ইতালি ও মালয়েশিয়া থেকেও কিছু ক্যাকটাস সংগ্রহ করেছেন।

২০১৫ সালে মাত্র একটি ক্যাকটাসের চারা দিয়ে তিনি ছাদবাগান শুরু করেছিলেন। এখন চারা বিক্রি করে মাসে তাঁর আয় ৪০–৫০ হাজার টাকা
ছবি: প্রথম আলো

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, আসিফের ছাদবাগান নানা দুর্লভ ক্যাকটাস, কাঁটামুকুট, অ্যাডেনিয়ামসহ হরেক প্রজাতির শোভাবর্ধনকারী গাছগাছালিতে ঠাসা। বাগানের পরিধি বড় হওয়ায় ছাদের চিলেকোঠায়ও বাগান সম্প্রসারিত করা হয়েছে। প্রায় ৮ থেকে ১০ হাজার টবে এসব চারা শোভা পাচ্ছে।

ছাদবাগান পরিচর্যা করছিলেন আসিফ। তিনি প্রথম আলোকে বলেন, ‘শখের বাগানের যাত্রা ২০১৫ সালে একটি ক্যাকটাসের চারা দিয়ে। ইউটিউবে ক্যাকটাস বাগানের ভিডিও দেখেই ১০০ টাকা দিয়ে একটি চারা কিনে ছাদে লাগিয়েছিলাম। পরে একটি–দুটি করে সংগ্রহ বাড়তে থাকে। পড়াশোনার পাশাপাশি চলতে থাকে ছাদবাগান। দিনে দিনে বাগানের পরিধি বেড়েছে। শখ থেকে শুরু হলেও একসময় বাণিজ্যিকভাবে বাগান করার সিদ্ধান্ত নিই। এখন বাগান থেকে প্রতি মাসে গড়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় হচ্ছে। কোনো কোনো মাসে এক থেকে দুই লাখ টাকার চারা বিক্রি হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে ও গ্রিন হাউসের ভেতরে বাগান করার ইচ্ছা আছে। যাতে রোদ-বৃষ্টিতে চারার কোনো ক্ষতি না হয়।’

কলেজে পড়ার সময় শখ করেই ছাদে ক্যাকটাসের চারা লাগিয়েছিলাম। একদিন মাথায় এল, বিদেশি দুর্লভ গাছের সংগ্রহ নিয়ে নিজেই তো নার্সারি করতে পারি। সেই শখ থেকেই বাণিজ্যিকভাবে বাগান করা শুরু।
আসিফ ইকবাল

সমাজবিজ্ঞান পড়ে দেশি-বিদেশি উদ্ভিদের প্রেমে পড়ার কারণ জানতে চাইলে আসিফ প্রথম আলোকে বলেন, ‘বাবা-মায়ের দেখাদেখি শৈশব থেকেই গাছগাছালির প্রতি দরদ। শখও ছিল ফুলের গাছ লাগানোর। এ জন্য কলেজে পড়ার সময় শখ করেই ছাদে ক্যাকটাসের চারা লাগিয়েছিলাম। একদিন মাথায় এল, বিদেশি দুর্লভ গাছের সংগ্রহ নিয়ে নিজেই তো নার্সারি করতে পারি। সেই শখ থেকেই বাণিজ্যিকভাবে বাগান করা শুরু।’

আসিফ বলেন, প্রযুক্তির সুবাদে দেশি-বিদেশি বড় বড় বাগান ও উদ্যোক্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হয়। মূলত অনলাইনেই বিদেশ থেকে চারা আনেন তিনি। দেশের অনেক শিক্ষিত বেকার এ পেশায় ঝুঁকছেন। স্বল্প বিনিয়োগে ছাদবাগান করে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব। তবে এ জন্য সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। এখনো দেশে বিদেশি জাতের চারা সহজলভ্য নয়। তিনি বলেন, বাগান থেকে আয়ের একটি অংশ দিয়ে তিনি সামাজিক সংগঠন ‘পারুল’-এর মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষকে সহযোগিতা করেন।

আসিফের ছাদবাগানে ক্যাকটাস ছাড়াও প্রায় ৩০০ প্রজাতির বিদেশি কাঁটামুকুট, বনসাইসহ আরও প্রায় ১ হাজার ধরনের শোভাবর্ধনকারী গাছগাছালি আছে। সম্প্রতি তাঁর ছাদবাগানে
ছবি: প্রথম আলো

আসিফের এ উদ্যোগকে অনন্য ও ব্যতিক্রমী বলে মন্তব্য করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। তিনি প্রথম আলোকে বলেন, চাকরির পেছনে না ছুটে আসিফ শখ থেকে বাণিজ্যিকভাবে ছাদবাগান করেছেন। বিদেশি দুর্লভ নানা উদ্ভিদের চারা দিয়ে ছাদবাগান করে তিনি অনন্য নজির স্থাপন করেছেন। কীভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়, নিজের প্রচেষ্টা ও পরিশ্রমে ঘুরে দাঁড়াতে হয়, আসিফ তার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অনেকেই বাণিজ্যিকভাবে ছাদবাগান করার দিকে ঝুঁকছেন। শিক্ষিত বেকারদের জন্য তাঁর এ উদ্যোগ মডেল হতে পারে বলেও জানান তিনি।