শজনে গাছের গ্রাম দীঘিনালার হেডম্যান পাড়া
খাগড়াছড়ির দীঘিনালার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের (ইউপি) হেডম্যান পাড়া গ্রামে প্রায় ১২০ পরিবারের বসবাস। এ গ্রামের সব বাড়িতেই রয়েছে শজনেগাছ। কোনো কোনো পরিবারের ২৫ থেকে ১০০টি পর্যন্ত শজনেগাছ রয়েছে।
এখন শজনে বিক্রির মৌসুম চলছে। তাই হেডম্যান পাড়ার বাসিন্দারা এখন শজনে বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। গাছ থেকে শজনে সংগ্রহ করে গ্রামেই পাইকারি দামে শজনে বিক্রি করা হচ্ছে।
সম্প্রতি ওই গ্রাম ঘুরে দেখা যায়, গ্রামের ওপর দিয়ে যাওয়া দীঘিনালা-সাজেক সড়কের দুই পাশে সারি সারি শজনেগাছ। গাছে ঝুলে আছে কচি শজনে। ওই গ্রামের মো. মিজান নামের এক ব্যক্তি গাছ থেকে শজনে সংগ্রহ করছিলেন।
মিজান প্রথম আলোকে বলেন, ‘২০০২ সালে বরিশাল থেকে কয়েকটি শজনে চারা সংগ্রহ করে গ্রামে লাগিয়েছিলাম। এখন আমার প্রায় ১০০টি শজনেগাছ রয়েছে। ইতিমধ্যে ৪০ টাকা কেজি দরে ৩০০ কেজি শজনে বিক্রি করেছি। আরও ২০০ কেজি বিক্রি করতে পারব। শজনেগাছে কোনো পরিশ্রম নেই, একবার চারা বা ডাল লাগালেই হয়। আবার ফলন শেষে গাছের ডালপালা কেটে দিলে পরের বছর ফলন আরও ভালো হয়।’
একই গ্রামের কমলা বলেন, তাঁর চারটি শজনেগাছ রয়েছে। এ বছর তিনি ৩৫ কেজি শজনে বিক্রি করেছি। তাঁর গাছে এখনও আরও শজনে আছে।
কবাখালী ইউপির সাবেক সদস্য মো. মিন্টু মিয়া প্রথম আলোকে বলেন, গ্রামের সব পরিবারই দুই–চারটি করে শজনেগাছ লাগিয়েছে। এ বছর শজনের ফলনও অনেক ভালো হয়েছে। এ এলাকার মানুষের জন্য শজনে একটি বাড়তি আয়ের মাধ্যম।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, শজনেতে পুষ্টি ও বিভিন্ন ঔষধি গুণ রয়েছে। যদিও এখানে বাণিজ্যিকভাবে কেউ শজনে চাষ করে না। তবে বাণিজ্যিকভাবে চাষ করলে চাষি অনেক লাভবান হবেন।