শত কষ্টেও হাল ছাড়ে না ওরা

চরম দারিদ্র্য সঙ্গী করে পড়াশোনা চালিয়ে সাফল্য ছিনিয়ে আনা চার অদম্য মেধাবীর জীবনের গল্প নিয়ে আজকের আয়োজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনার খরচ জোগাতে কেউ টিউশনি করেছে, কেউ সেলাই করেছে অন্যের জামাকাপড়। দারিদ্র্যের জাঁতাকলে বারবার হোঁচট খেয়েছে ওরা। কিন্তু পড়াশোনা চালিয়ে গেছে। লেগে থাকার ফলও পেয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় পেয়েছে জিপিএ-৫। আবারও তাদের এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্র্য। দেশের বিভিন্ন এলাকার সেই অদম্য মেধাবীদের গল্পই বলব আজ।

সেলাই করে পড়াশোনা চালিয়েছে শ্রাবন্তী

হতদরিদ্র পরিবারের মেয়ে শ্রাবন্তী দাস পড়াশোনার পাশাপাশি অন্যের জামাকাপড় সেলাই করেছে। যা আয় হয়েছে, তা দিয়ে পড়াশোনার খরচ জুগিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল গ্রামের জুয়েল দাসের মেয়ে শ্রাবন্তী এবার জিপিএ-৫ পেয়েছে।

জুয়েল দাস পেশায় জেলে। অন্যের ডিঙি নৌকা ভাড়া নিয়ে মাছ শিকার করে সংসার চালান। এক ভাই দুই বোনের মধ্যে শ্রাবন্তী দ্বিতীয়। সবাই শিক্ষার্থী। টিনের একটি ঘরে তাঁদের বসবাস।

শ্রাবন্তী বলে, প্রাইভেট পড়ার মতো টাকা ছিল না। অনেক শিক্ষক বিনা বেতনে পড়িয়েছেন। এখন ইচ্ছা থাকা সত্ত্বেও টাকার অভাবে শহরের কোনো ভালো কলেজে পড়া সম্ভব নয়।

প্রাইভেট পড়িয়ে উল্লাসের সাফল্য

বাবা বৈদ্যুতিক মিস্ত্রি, মা গৃহিণী। বাবার কাজ থাকলে সংসার চলে, না থাকলে টানাপোড়েন। এর মধ্যেই নিজের পড়ালেখার খরচ জোগাতে টিউশনি করেছে উল্লাস দাস। নানা কষ্টের মধ্যেই সাফল্য নিয়ে এসেছে সে। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঞাগাঁতী এলাকার উল্লাস। উল্লাসের বাবা অশোক চন্দ্র দাস বলেন, ছেলে পড়ালেখায় বরাবরই ভালো। কিন্তু আর্থিক সমস্যার কারণে উচ্চমাধ্যমিক পর্যায়ে ভালো কলেজে পড়া কঠিন হয়ে পড়েছে।

মা শুকলা রানী দাস বলেন, ‘দুইটি ছেলেই পড়ালেখায় খুব ভালো। কিন্তু পড়ালেখার জন্য তাদের প্রয়োজনীয় অনেক কিছু দিতে পারি না।’

শত কষ্টেও দমে যায়নি সুলতানা

বাবা গোলবার হোসেন পক্ষাঘাতগ্রস্ত। মা রাজিয়া খাতুন অন্যের বাড়িতে কাজ করে যে আয় করেন, তা দিয়ে সংসার চলে না। ষষ্ঠ শ্রেণিতে উঠেই অভাবের কারণে লেখাপড়া বন্ধের উপক্রম হয় সুলতানা খাতুনের। কিন্তু দমে যায়নি সে। গ্রামের শিশুদের পড়িয়ে নিজের পড়ার খরচ জুগিয়েছে। সে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। কিন্তু রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার চেংপাড়া গ্রামের সুলতানার মুখে হাসি নেই। সুলতানা বলে, ‘আমার ইচ্ছা চিকিৎসক হওয়া, কিন্তু আমাকে লেখাপড়ার করানোর সাধ্য মায়ের নেই।’

ইয়ামির স্বপ্নের পথে বাধা দারিদ্র্য

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বন্ধুরা যখন পছন্দের কলেজ খুঁজছে, ইয়ামি আক্তার তখন দুশ্চিন্তায় আছে পড়াশোনার খরচ জোগাড় করা নিয়ে। যদিও এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ–৫ পেয়েছে সে।

ইয়ামি নীলফামারীর ডোমার উপজেলার উত্তর খাটুরিয়া গ্রামের দেবীগঞ্জ কৃষিফার্ম শ্রমিক ইদ্রিস আলীর মেয়ে। তিন বোনের মধ্যে সে দ্বিতীয়। বড় বোনের বিয়ে হয়েছে। ছোট বোন ইশিতা আক্তার অষ্টম শ্রেণিতে পড়ে। মা ঝরনা বেগম গৃহিণী।

ইদ্রিস আলী বলেন, ‘বয়স বেশি হওয়ায় এখন ফার্মেও আর কাজ দিতে চায় না। মেয়ে পড়াশোনা চালাতে চায়। তাকে কলেজে পড়ানোর মতো সামর্থ্য আমার নেই।’

অষ্টম শ্রেণিতে বৃত্তি পাওয়া ইয়ামি আক্তার বলে, ‘আমার ইচ্ছা ভালো কোনো কলেজে পড়ার, চিকিৎসক হওয়ার। কিন্তু সে স্বপ্ন পূরণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্র্য।’


[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন বদর উদ্দিন, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, সাজেদুল আলম, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, রহিদুল মিয়া, তারাগঞ্জ, রংপুর, মীর মাহমুদুল হাসান, নীলফামারী]