শত প্রতিকূলতার পরও নারীরা এগিয়ে যাচ্ছে: মেয়র আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ নারায়ণগঞ্জে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটিমেয়র সেলিনা হায়াৎ আইভী
ছবি: প্রথম আলো

শত প্রতিকূলতার পরও নারীরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, নারী জাগরণ, নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য ভূমিকা রেখে চলেছেন। দেশের সেনাবাহিনী থেকে শুরু করে এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে তিনি নারীদের কাজ করার সুযোগ করে দেননি।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে ‘টেকসহ উন্নয়নে নারী’ স্লেগানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র আইভী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এর আয়োজন করে ইউনিলিভার।

সভায় অন্যোন্যের মধ্যে বক্তব্য দেন ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ পরিচালক সাকসি হান্ডা, ইউএনডিপির বাংলাদেশের প্রকল্প পরিচালক ইউগেস প্রাদানাম, ইউনিলিভারের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স শামীমা আক্তার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর শাওন অংকন ও টাউন ফেডারেশনের নেত্রী সালমা সুলতানা।

অনুষ্ঠানে মেয়র আইভীকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া দলিত সম্প্রদায়ের পাঁচ নারীকে উপহারসামগ্রী দেওয়া হয়।

সভার আগে ইউনিলিভারের নারী কর্মীরা নগরের শেখ রাসেল পার্কে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

মেয়র আইভী বলেন, ‘নারীরা আপনারা একটু সাহসী হোন, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। দেখবেন কোনো বাধাই বাধা না। আপনার অভিধান থেকে “না” শব্দটা উঠিয়ে দিন। যত কঠিন কাজই হোক না কেন, নারীরা যেন সেটা করতে পারি।’

নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির যত দিন না পরিবর্তন হবে, তত দিন এ সমাজেরও পরিবর্তন হবে না। মনে রাখতে হবে, নারীরাই জন্ম দিচ্ছেন একেকজন যোদ্ধা, শিক্ষক, বুদ্ধিজীবী। নারী নিজেই একটা পাওয়ার।

নিজের সংগ্রামের কথা তুলে ধরে মেয়র বলেন, ‘২০০১ সালের নির্বাচনে যখন আওয়ামী লীগ হেরে গিয়েছিল, তখন এই শহর থেকে অনেকেই পালিয়ে গিয়েছিলেন। নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। তখন আমি এসে নির্বাচন করে জয়ী হয়েছিলাম। ওই সময় আমার জন্য ভোট চাইতেও অনেকে ভয় পেতেন। এরপর আমার ইচ্ছা ছিল স্বামী-সন্তানের কাছে নিউজিল্যান্ড চলে যাব। কিন্তু ২০১১ সালের নির্বাচনের আগে আমার মা আমাকে বলেন, “তোমাকে নির্বাচন করতে হবে। না হলে এই শহরের মানুষ ভাববে, তুমি একজনকে ভয় পেয়ে চলে গেছ। এই নারায়ণগঞ্জকে আর ভয়ের শহর হিসেবে প্রতিষ্ঠা করা যাবে না।” এরপর আমি থেকে যাই।’