শত শত লোকের সামনে তরুণীকে জুতাপেটা ইউপি সদস্যের, ছড়িয়েছে ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

শত শত লোকের সামনে রাস্তার মোড়ে প্রকাশ্যে তরুণীকে জুতাপেটা করার অভিযোগ ওঠেছে যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনিসুর রহমানের বিরুদ্ধে। ওই তরুণীকে জুতাপেটার পাশাপাশি পায়ের তলায় লাঠি দিয়ে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় গতকাল শুক্রবার রাত ১২টার দিকে ওই তরুণীর বাবা বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্ত ইউপি সদস্য আনিসুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে এজাহারভুক্ত ভুট্ট নামের একজনকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

১৬ মার্চ সন্ধ্যা সাতটার দিকে ঘটনাটি ঘটে। তবে গতকাল দুটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্যাতনের শিকার ওই তরুণী যশোর সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত ইউপি সদস্য আনিসুর রহমান চূড়ামনকাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই তরুণী স্থানীয় এক লোকের বাইসাইকেলে চড়ে পাশের গ্রামের ওয়াজ মাহফিল থেকে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। আবদুলপুর গ্রামের মোড়ে পৌঁছালে অনৈতিক কাজের অভিযোগ করে ইউপি সদস্য আনিসুর রহমানসহ কয়েকজন তাঁদের আটকে রেখে শত শত মানুষের সামনে জুতা ও লাঠি দিয়ে পেটান। খবর পেয়ে ওই তরুণীর মা–বাবা গিয়ে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

একটি ভিডিওতে দেখা যায়, শতাধিক মানুষের সামনে তরুণীকে জুতা দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন ইউপি সদস্য আনিসুর রহমান। ওই তরুণী মাটিতে লুটিয়ে পড়লে ইউপি সদস্যর পাশে থাকা কয়েক যুবক লাথি মারেন। অনৈতিক কার্যকলাপের অভিযোগে তরুণীর সঙ্গে থাকা যুবককেও এলোপাতাড়ি মারধর করেন ইউপি সদস্য ও তাঁর সঙ্গে থাকা কয়েক যুবক।

আরেকটি ভিডিওতে দেখা যায়, ওই তরুণীর হাত ও পা ধরে রেখেছেন কয়েক যুবক। ইউপি সদস্যের অনুসারী আইয়ুব, ভুট্ট, আবদুল আলীমসহ তিন–চারজন লাঠি দিয়ে তরুণীকে হাত-পায়ের গোড়ালিতে বেধড়ক মারধর করছেন। ওই তরুণীর সঙ্গে থাকা যুবককেও নির্যাতন করতে দেখা যায়।

এ বিষয়ে সদর উপজেলার চূড়ামনকাটি ইউপির চেয়ারম্যান দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইউপি সদস্য আনিসুর নির্যাতন করেছেন এটা ঠিক। তবে মেয়েটি ভালো না।’

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, তরুণীর বাবা কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।