যশোরের বসুন্দিয়া
শতবর্ষী কাঁঠালের হাট
হাটের পাশে ভৈরব নদ। যশোর শহর থেকে যশোর-নড়াইল আঞ্চলিক মহাসড়ক দিয়েও হাটে যাওয়া যায়।
সড়কের দুই পাশে কাঁঠালের স্তূপ। সারি সারি দাঁড়িয়ে আছে কাঁঠালবোঝাই ভ্যান। পাশে পিকআপে তোলা হচ্ছে কাঁঠাল। বাতাসে
পাকা কাঁঠালের ঘ্রাণ। যশোর সদর উপজেলার ভৈরব নদের পাড়ে বসুন্দিয়া কাঁঠালের হাটের চিত্র এটি। জেলার সবচেয়ে বড় কাঁঠালের হাট বসুন্দিয়া। শনি ও মঙ্গলবার সাপ্তাহিক হাটবার। কাঁঠালের মৌসুমে সাপ্তাহিক এই দুই হাটবার পায় নতুন চেহারা।
যশোর শহর থেকে পূর্ব দিকে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে ১৭ কিলোমিটার গেলে বসুন্দিয়া মোড়। সেখান থেকে বসুন্দিয়া মোড়-ধলগ্রাম সড়ক দিয়ে তিন কিলোমিটার উত্তরে বসুন্দিয়া কাঁঠালের হাট। হাটের পাশে ভৈরব নদ। যশোর শহর থেকে যশোর-নড়াইল আঞ্চলিক মহাসড়ক দিয়েও বসুন্দিয়ায় কাঁঠালের হাটে যাওয়া যায়।
গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাটে অবস্থান করে দেখা যায়, বসুন্দিয়া বাজারের বসুন্দিয়া মোড়-ধলগ্রাম সড়ক এবং বসুন্দিয়া বাজার-জঙ্গলবাঁধাল সড়কের প্রায় এক কিলোমিটারজুড়ে দুই পাশে কাঁঠাল আর কাঁঠাল। ছোট-বড় স্তূপ করে রাখা আছে কাঁঠাল। কাঁধে করে, সাইকেলে ঝুলিয়ে, ব্যাটারিচালিত ভ্যানে করে কাঁঠাল নিয়ে হাঁটে আসছেন চাষিরা। ক্রেতা-বিক্রেতাদের দরদাম, হাঁকাহাঁকিতে বাজার গমগম করছে। কাঁঠাল কেনার পর তা স্তূপ করে রাখা হচ্ছে। পরে কাঁঠাল তোলা হচ্ছে পিকআপ ও ট্রাকে। নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। বাতাসে ছড়াচ্ছে পাকা কাঁঠালের ঘ্রাণ।
ব্যাটারিচালিত ভ্যানে কাঁঠাল বোঝাই করে হাটে এসেছিলেন সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের রেজাউল মোল্যা। তিনি বলেন, ‘আমি কাঁঠালের বাগান কিনি। এবার আমি তিনটি বাগান কিনেছি। প্রতি হাটবারে আমি কাঁঠাল নিয়ে হাটে আসি। আজ ১১০টি কাঁঠাল এনেছি। ছোট কাঁঠাল ৪০ টাকা ও বড় কাঁঠাল ৮০ টাকা করে বিক্রি করেছি।’
প্রথমবারের মতো এদিন হাটে কাঁঠাল কিনতে এসেছেন সাতক্ষীরার দোহাকুলা এলাকার ব্যবসায়ী আবুল হাসান। তিনি বলেন, ‘১৬ হাজার ৫০০ টাকা দিয়ে ছোট–বড় মিলিয়ে ৩০৬টি কাঁঠাল কিনেছি। পিকআপে করে ওই কাঁঠাল নিয়ে সাতক্ষীরা বড় বাজারে বিক্রি করব।’
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নগরকান্দি এলাকার শেখ মাসুদ মিয়া ৪২ বছর ধরে এই হাট থেকে কাঁঠাল কিনে এলাকায় নিয়ে বিক্রি করেন। তিনি বলেন, ‘২৫ বছর আগেও বড় নৌকা নিয়ে এই হাটে কাঁঠাল কিনতে আসতাম। এখন আসি পিকআপে করে। কাঁঠাল কিনে পিকআপে করে এলাকায় নিয়ে বিক্রি করি। আজ ৩৭৫টি কাঁঠাল কিনেছি। বড় কাঁঠাল ১৮০ থেকে ১৯০ টাকা করে এবং মাঝারি কাঁঠাল ৮০ টাকা করে কিনেছি।’
বাঘারপাড়া উপজেলার আলাদীপুর গ্রামের আড়তদার জুলহাস মৃধা বলেন, ‘এই কাঁঠালের হাটের বয়স ১০০ বছরেরও বেশি। আমার বাপ-দাদার মুখে এই হাটের অনেক গল্প শুনেছি। এখানে আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভৈরব নদ দিয়ে নৌকা নিয়ে আসতেন পাইকারেরা। নৌকায় কাঁঠাল বোঝাই করে ফিরতেন তাঁরা। এখন রাস্তা পাকা হয়েছে। কাঁঠাল কিনে পিকআপ ও ট্রাকে করে নিয়ে যান। অনেকে নদীপথে ট্রলারে করে কাঁঠাল নিয়ে যান। এখান থেকে শত শত ট্রাক কাঁঠাল খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, মাদারীপুর, ভোলা ও ঝালকাঠিতে যায়।’
কাঁঠালের উৎপাদন নিয়ে খুশি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয় সূত্র জানায়, জেলায় এ বছর ১ হাজার ৫০৯ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫০০ হেক্টর, শার্শা উপজেলায় ৮৪ হেক্টর, ঝিকরগাছা উপজেলায় ৩৫ হেক্টর, চৌগাছা উপজেলায় ২০ হেক্টর, অভয়নগর উপজেলায় ৩০০ হেক্টর, বাঘারপাড়া উপজেলায় ২২৫ হেক্টর, মনিরামপুর উপজেলায় ৯৫ হেক্টর এবং কেশবপুর উপজেলায় ২৫০ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক মো. নূরুজ্জামান বলেন, এবার আবহাওয়া অনুকূল থাকায় জেলায় কাঁঠালের উৎপাদন ভালো হয়েছে। চাষিরা এবার দামও ভালো পাচ্ছেন।
বসুন্দিয়া হাটের ক্রেতা-বিক্রেতারা জানান, সদর উপজেলার বসুন্দিয়া, জঙ্গলবাঁধাল, জগন্নাথপুর, ঘুনি, দেয়াপাড়া, কেফায়েতনগর, কৈখালী, রূপদিয়া, নরেন্দ্রপুর ও পদ্মবিলা এবং বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী, আলাদীপুর, রাধানগর, জয়রামপুর, খলসী, ধলগ্রাম, বহরামপুর, নারকেলবাড়িয়া, খাজুরা গ্রামে প্রচুর কাঁঠালগাছ রয়েছে। কাঁঠালের ফুল আসে ফাল্গুন-চৈত্র মাসে। এর কিছুদিন পর ফুলে মুচি আসে। বৈশাখ মাস থেকে কাঁঠাল পাকতে শুরু করে এবং তা শ্রাবণ মাসের মাঝামাঝি পর্যন্ত চলে। তবে জ্যৈষ্ঠ মাসে বেশি কাঁঠাল পাকে। এবার আবহাওয়া ভালো ছিল। কাঁঠালের ফলনও তাই ভালো হয়েছে। দামও ভালো।
তাঁরা জানান, মূলত এই এলাকায় উৎপাদিত কাঁঠালের বিক্রির জন্য বসুন্দিয়ায় হাট বসে। হাটের বয়স ১০০ বছরেরও বেশি। ভোর পাঁচটা থেকে হাট শুরু হয়। চলে রাত আটটা-নয়টা পর্যন্ত।