ব্রাহ্মণবাড়িয়ার জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের ভেতরের শতবর্ষী একটি পুকুর ভরাট করা হচ্ছে। সেখানে খাদ্যগুদাম নির্মাণ করা হবে। পুকুরটি ভরাটের ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি।
জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, ১ কোটি ২৯ লাখ টাকায় ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন খাদ্যগুদাম নির্মাণ করবে খাদ্য অধিদপ্তর। এই কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল। গত বুধবার জানতে চাইলে জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাত হোসেন বলেন, খাদ্যগুদাম নিজের জায়গায়ই পুকুর ভরাট করে গুদাম নির্মাণের কাজ করছে। পুকুর ভরাটের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি খাদ্য অধিদপ্তরের প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯ মার্চ জেলায় ১ দশমিক শূন্য ৫ লাখ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন সরকারি খাদ্যগুদাম নির্মাণ প্রকল্পের আওতায় সদর উপজেলায় ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন খাদ্যগুদাম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ (ব্রাহ্মণবাড়িয়া-৩) জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
গত বুধবার সদর উপজেলার পৌর ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা শিমরাইলকান্দি এলাকায় অবস্থিত সরকারি ওই পুকুরের দাগ নম্বর, আয়তন বা গভীরতা কত—এ বিষয়ে কোনো তথ্যই দিতে পারেননি।
গত বুধ ও বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, তিতাস নদীর শিমরাইলকান্দি এলাকায় যন্ত্রের সাহায্যে বালু তুলে পাইপের মাধ্যমে পুকুরটি ভরাট করা হচ্ছে। ইতিমধ্যে অর্ধেকের বেশি অংশ ভরাট করা হয়েছে। বালু ফেলার আগেই সেখানে পাইলিং করে পুকুরের পূর্ব দিকে ২৬টি পিলার নির্মাণ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, মার্চে পুকুর ভরাটের কাজ শুরু হয়। ভরাটের কাজ শেষ করতে আর সপ্তাহখানেক সময় লাগবে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে খাদ্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক গাজী রেজাউল কারিম বলেন, খাদ্য অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দেন। এরপর তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আহসান আলী বলেন, পুকুরটি ভরাট করে স্থাপনা নির্মাণের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ২০০০ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক আদেশে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জনগণের আশ্রয়স্থল রক্ষা ও অগ্নিনির্বাপণে সহায়তা করতে কোনো অবস্থায় খাল-বিল, পুকুর-নালাসহ প্রাকৃতিক জলাশয় ভরাট করা যাবে না এবং এর গতিপথ পরিবর্তন করা যাবে না। তবে কোনো দপ্তর যদি সরকারি কাজে নিজস্ব পুকুর ভরাট করতে চায়, সে ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে পুকুর ভরাটের একটি প্রস্তাব পাঠাতে হবে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬ (ঙ) অনুযায়ী, জাতীয় অপরিহার্য স্বার্থ ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধা সরকারি এমনকি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বা ব্যক্তিমালিকানাধীন পুকুর ভরাট না করার বিধান রয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী, যেকোনো ধরনের জলাধার বা পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ এবং ভরাটকারীর বিরুদ্ধে আইনের ৭ ধারায় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও জীববৈচিত্র্য নষ্ট করে পরিবেশগত ক্ষতি ও বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।
জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, কোনো পুকুর-জলাশয়, নদী-খাল ইত্যাদি ভরাট করা বেআইনি। ওই আইনের ৫ ধারামতে, জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন করা যাবে না।
গুদামের নির্মাণকাজ পাওয়া ঠিকাদার মোস্তফা কামালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি তা ধরেননি।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, বিষয়টি খাদ্য অধিদপ্তর নিয়ন্ত্রণ করছে। হয়তো প্রয়োজনীয় নিয়ম মেনেই তারা এসব কাজ করছে। তবে জেলা থেকে এর কোনো দরপত্র আহ্বান করা হয়নি। পুকুর ভরাটের বিষয়ে কোনো প্রস্তাব জেলা প্রশাসনের মাধ্যমে কোথাও পাঠানো হয়নি।