সিরাজগঞ্জের উল্লাপাড়া
শতবর্ষের ‘সলপের ঘোল’
প্রতিদিন ১৫০ থেকে ২০০ মণ ঘোল ও মাঠা বিক্রি হয়। প্রতি লিটার ঘোল ৬০ টাকা, মাঠা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতিদিন ভোরে গ্রামের খামারিদের কাছ থেকে সংগৃহীত গরুর দুধ আড়াই থেকে তিন ঘণ্টা জ্বাল দেওয়া হয়। নির্দিষ্ট সময় জ্বাল দেওয়ার পর পাত্রে করে সারা রাত রেখে দেওয়া হয় সেই দুধ। সকালে জমে থাকা সেই দুধের সঙ্গে চিনি ও অন্য উপকরণ মিশিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু পানীয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সুস্বাদু পানীয় খ্যাতি পেয়েছে ‘সলপের ঘোল’ নামে। শুধু চলনবিল ও যমুনা নদীবেষ্টিত এই জনপদে নয়, দূরদূরান্তে ছড়িয়ে আছে সলপের ঘোলের সুনাম। স্থানীয় লোকজন বলেন, এ ঘোল তৈরির পেছনে আছে ১০০ বছরের ঐতিহ্য। ইতিমধ্যে গরম পড়েছে। তাই এই ঘোলের চাহিদা বাড়ায় দিনরাত কাজ করে চলেছেন কর্মীরা। বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা ক্রেতারা এই ঘোল কিনতে ভিড় করছেন।
গত রোববার উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, স্টেশনের পাশে ঘোলের দোকানগুলো জমে উঠেছে। দোকানের সামনে মাটির পাত্রে পসরা সাজিয়ে চলছে বিক্রি। দোকানের পেছনে কর্মীরা ঘোল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই দূরদূরান্ত থেকে এই ঘোলের জন্য এখানে এসেছেন। আবার দোকানে অনেকে বসে ঘোলের স্বাদ নিচ্ছেন। বিক্রেতারা বলেন, প্রতিদিন এই এলাকায় ১৫০ থেকে ২০০ মণ ঘোল ও মাঠা বিক্রি হয়। বর্তমানে প্রতি লিটার ঘোল ৬০ টাকা, মাঠা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বেলকুচি উপজেলা থেকে ঘোল কিনতে আসা আশরাফুল আলম বলেন, প্রতিদিন ৫০ থেকে ৮০ কেজি ঘোল, মাঠা তাঁর এলাকায় বিক্রির জন্য নিয়ে যান। এই গরমে ঘোল ও মাঠার বেশ চাহিদা।
সলপের ঘোলের সুনাম শুনে পাবনার বেড়া উপজেলা থেকে বন্ধুদের নিয়ে সলপে এসেছেন আবুল হোসেন। তিনি বলেন, ঘোলের মধ্যে সলপের ঘোলের একটা সুনাম আছে। গরমে ঘোলের স্বাদ নিয়ে একটু প্রশান্তির জন্য তাঁরা সলপে এসেছেন। এই ঘোল আসলেই অনেক সুস্বাদু।
স্থানীয় প্রবীণেরা বলছেন, একসময় এই সলপের তৈরি ঘোল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিল। প্রতিদিনের তৈরি ঘোল উল্লাপাড়ার সলপ রেলস্টেশন থেকে ট্রেনে সকাল ৯টার মধ্যে কলকাতা গিয়ে পৌঁছাত। কালের বিবর্তনে ঘোলের এমন বিস্তৃত বাজার না থাকলেও এখনো এর চাহিদা রয়েছে দেশে-বিদেশে।
ঘোল উৎপাদনকারী আবদুল মালেক খান জানান, এই ব্যবসার সঙ্গে এখন অনেক মানুষ জড়িত। ঘোলের জন্য অনেকে দূরদূরান্ত থেকে এই এলাকায় আসছেন। এখান থেকে ঘোল পাইকারি দরে কিনে নিয়ে ব্যবসা করে সমৃদ্ধ হচ্ছেন। এ বছর এই সলপের ঘোল ১০০ বছর পূর্ণ করবে।
এই ঘোলের ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর বৈশাখ মাসের প্রথম শুক্রবারে এই এলাকায় ঘোল উৎসবের আয়োজন করা হয়। সিরাজগঞ্জের প্রভাতী সংঘ প্রতিবছর এ উৎসবের আয়োজন করে।