শনিচন্দ্র পুলিশকে বলতে থাকেন, ‘মরে গেলেও গরু ছাড়ব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

চুরির আলামত হিসেবে পুলিশ পরিবারের একমাত্র সম্বল গরুটি নিয়ে যেতে চাইলে প্রাণীটি জড়িয়ে কাঁদতে থাকেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মলাইশ গ্রামের শনিচন্দ্র দাস (২৮)। শারীরিক প্রতিবন্ধী শনি পুলিশকে বলতে থাকেন, ‘আমি মরে গেলেও গরু ছাড়ব না। আর জোর করে নিয়ে গেলে এখানেই মরে যাব।’ তাঁর কান্না চোখ ভিজিয়ে দেয় উপস্থিত অন্যদের। পরে পুলিশ আর গরুটি নেয়নি।

শনিচন্দ্র ওই গ্রামের শুকলাল দাসের ছেলে। আজ বৃহস্পতিবার ভোরে চারজনের একটি চোরের দল শুকলালের বাড়িতে যায়। সংসারের একমাত্র সম্বল গাভিটি নিয়ে পালাচ্ছিল চোরের দল। টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার করতে থাকে। গ্রামের লোকজন তখন ধাওয়া করে রজব আলী (৫৩) নামের এক চোরকে আটক করে। গাভিটি উদ্ধার করা হয়। পালিয়ে যায় অপর তিন চোর।

প্রত্যক্ষদর্শীরা বলেন, খবর পেয়ে আজ সকাল নয়টার দিকে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান কয়েকজন পুলিশ নিয়ে মলাইশ গ্রামে যান। পুলিশ চুরির আলামত হিসেবে গাভিটি থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শনি গাভিটি জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন। তিনি পুলিশকে বলতে থাকেন, ‘আমি মরে গেলেও গরু ছাড়ব না। আর জোর করে নিয়ে গেলে এখানেই মরে যাব। আমি মামলাও করব না। গরুও ছাড়ব না।’ পুলিশ তাঁকে বোঝানোর চেষ্টা করে তাঁর গাভি তাঁকে আজই ফেরত দেওয়া হবে। কিন্তু তিনি তাতে রাজি হননি। পুলিশ গরুটি আর থানায় নিয়ে যায়নি।

প্রত্যক্ষদর্শী মামুন খান প্রথম আলোকে বলেন, ‘গাভিটি জড়িয়ে ধরে প্রতিবন্ধী শনির আহাজারি দেখে গ্রামের অনেক মানুষই কেঁদে ফেলেন। এটিই দরিদ্র পরিবারটির একমাত্র সম্বল।’

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গরুচোর চক্রের প্রধান রজব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাধবপুর থানায় চুরি, ডাকাতি, খুন ও পুলিশের ওপর হামলার অভিযোগে ১০টি মামলা আছে। আজ দুপুরে তাঁকে আগের মামলার আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।