শনিবারের মধ্যে নাজিমউদ্দিনের খুনিদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজিমউদ্দিনকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের চৌরাস্তার প্রতিটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: সাইফুল ইসলাম
নাজিমউদ্দিনকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের চৌরাস্তার প্রতিটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: সাইফুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমউদ্দিনের হত্যাকারীদের আগামী শনিবারের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তা না হলে আগামী রোববার থেকে সর্বাত্মক ছাত্রধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা।
নাজিমউদ্দিনকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের চৌরাস্তার প্রতিটি সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। ওই পথে যান চলাচল বন্ধ ছিল। ফলে আশপাশের এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
সড়কের ওপর টায়ার ও কাঠে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীরা অবরোধ করেন। তাঁরা ছোট ছোট অংশে ভাগ হয়ে হাতে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ-মিছিল করেন। সকাল নয়টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ খান প্রথম আলোকে বলেন, শুরুতে কম শিক্ষার্থী ছিল। পরে বেড়েছে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস হচ্ছে না।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার দুপুরের দিকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন আশপাশে ছড়িয়ে গেছে। ফলে বেশির ভাগ সড়ক এখন তাঁরা অবরোধ করে রেখেছেন। সহিংস কিছু ঘটেনি।

গতকাল বুধবার রাতে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে নাজিমউদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি আইন বিভাগে স্নাতকোত্তর শ্রেণির সন্ধ্যাকালীন কোর্সে পড়তেন। সূত্রাপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, রাত পৌনে আটটার দিকে লক্ষ্মীবাজারের কাছে একরামপুরে একটি সরু গলিতে কয়েকজন দুর্বৃত্ত নাজিমউদ্দিনের পথরোধ করলে তাদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তাঁর মাথায় কোপ দেয়। তিনি লুটিয়ে পড়লে তারা তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। নাজিমউদ্দিনকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।