শপথ নিতে হাসপাতাল থেকে ছুটে গেলেন ইউপি চেয়ারম্যান সঞ্জীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জীব রঞ্জন তালুকদার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার (৪৩) গত শনিবার দুপুরে প্রতিপক্ষের লোকজনদের হামলা ও মারধরে আহত হন। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িক চিকিৎসা নিয়ে ওই দিন সন্ধ্যায় তিনি নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। তবে শপথ নিতে তিনি হাসপাতাল থেকে ছুটে গেলেন।

গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে তাঁকে মুঠোফোনে জানানো হয়, আজ সোমবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ হবে। তাই এতে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়। তড়িঘড়ি করে তিনি নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতাল থেকে ছুটি নিয়ে রাতেই সুনামগঞ্জের উদ্দেশে রওনা হন। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি অংশ নেন।

ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার (৪৩) বলেন, ‘জনগণ ভোট দিয়ে ইউপি চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করেছেন। আমার ওপর যেদিন হামলা হয়েছিল, সেদিন অল্পের জন্য আমি প্রাণে বেঁচে গেছি। সুস্থ হওয়ার পর এ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’ তিনি আরও বলেন, ‘জনগণের জন্য শারীরিক অসুস্থতা আমার কাছে তুচ্ছ। তাই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সুস্থ না হয়ে অসুস্থ শরীর নিয়ে আমাকে হাসপাতাল ছাড়তে হয়েছে।’