শপথের পরপরই হত্যা মামলায় গ্রেপ্তার ভৈরবের ইউপি চেয়ারম্যান
কিশোরগঞ্জের ভৈরবের সাদেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাফায়েত উল্লাহ চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পরপরই গ্রেপ্তার হয়েছেন। হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সাফায়েত উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দলের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান। এর আগের নির্বাচনেও তিনি দলীয় সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, কয়েক বছরের ব্যবধানে সাদেকপুর ইউনিয়নে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিটি হত্যা মামলায় সাফায়েতকে আসামি করা হয়। একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বুধবার শপথ নিতে তিনি কিশোরগঞ্জ যান। সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম তাঁর শপথ পড়ান। শপথ শেষ হওয়ার পরপরই ডিবি পুলিশের একটি দল সাফায়েতকে সম্মেলনকক্ষ থেকে গ্রেপ্তার করে তাঁদের কার্যালয়ে নিয়ে যান।
কিশোরগঞ্জ জেলা ডিবি পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে সাফায়েত উল্লাহকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।