শয্যা পেতে দীর্ঘ অপেক্ষা, ভাগ্য আর তদবিরে মেলে আইসিইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসাসেবা পাওয়ার জন্য বাবা আফসার মোড়লকে নিয়ে অপেক্ষা করেছে কিশোর তাইজুল। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে।
ছবি: প্রথম আলো

বেলা সাড়ে ১১টা। করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে বেঞ্চে বসে আছেন এক বৃদ্ধ। সঙ্গে ১১–১২ বছরের এক কিশোর। সামনে যেতে উঠে দাঁড়িয়ে কিশোরটি বলল, তার বাবা করোনায় আক্রান্ত। শ্বাসকষ্ট হচ্ছে। জ্বর আছে। গলায় ব্যথা। ভর্তি করতে নিয়ে এসেছেন।

আলাপে জানা গেল কিশোরটির নাম তাইজুল ইসলাম। বাড়ি সাতক্ষীরা জেলায় আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সোনাতনকাটি গ্রামে। তার বাবা আফসার মোড়ল (৬০) বেশ কয়েক দিন ধরে জ্বর, সর্দি–কাশিতে ভুগছিলেন। বুধবার রাতে শ্বাসকষ্ট শুরু হয়। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। ৫৫ কিলোমিটার দূরত্ব তাঁরা কখনো ভ্যানে, কখনো ইজিবাইক, আবার কখনো মাহিন্দ্রায় চেপে পাড়ি দিয়েছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বেলা ১১টা বেজে যায়। জরুরি বিভাগের সামনে বারবার কান্নার সুরে তাইজুল বলছিল, ‘আমাদের মা–বাবা ছাড়া কেউ নেই। আল্লাহ আবার বাবাকে সুস্থ করে দেও।’

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে বেলা আড়াইটার দ্বিতীয় তলায় আবার দেখা তাইজুলদের সঙ্গে। ওয়ার্ডের বাইরে একটি ভাঙা শয্যায় বাবাকে জড়িয়ে ধরে বসে আসে। ভর্তি হয়েছ কি না, জিজ্ঞাসা করতে করুণ স্বরে তাইজুল বলে, ‘আধা ঘণ্টা ধরে ভর্তির জন্য বসেছিলাম, আপনি যে আমাগে সঙ্গে কথা বললেন, তারপর ডেকে নিয়ে ভর্তি করে। জিজ্ঞাসা করেছে “ওই লোকটার সাথে কী বলেছিস।”’

কিশোর তাইজুল জানান, বাবার শ্বাসকষ্ট বেড়েছে। বেলা সাড়ে ১১টার দিকে ভর্তি হয়েছে। এখন বাজে আড়াইটা। বাবার কোনো চিকিৎসা দেয়নি কেউ। কেউ খোঁজ নেয়নি। জরুরি বিভাগ থেকে বলে দিয়েছিল দ্বিতীয় তলার করোনা ওয়ার্ডে যেতে। কিন্তু কোনো শয্যা না দেওয়ায় ওয়ার্ডের বাইরে বসে আছে।

আফসার মোড়ল হাঁপাতে হাঁপাতে বলেন, চার ছেলে–মেয়ে আর স্ত্রী নিয়ে ছয়জনের সংসার তাঁর। ২৬ মের ঘূর্ণিঝড় ইয়াসে তাঁদের গ্রাম সোনাতনকাটি তলিয়ে যায় নদীর লোনাপানিতে। পরিবার নিয়ে আশ্রয় নেন গুচ্ছগ্রাম আশ্রয়কেন্দ্রে। সেখানে গত দেড় মাস খেয়ে না খেয়ে কষ্টের মধ্যে বসবাস করছিলেন। তাইজুল ছেলে-মেয়েদের মধ্যে বড়। তিনি অসুস্থ হয়ে পড়ায় ছেলে ব্যস্ত হয়ে পড়েছে। তিনি আসতে চাচ্ছিলেন না। জোর করে নিয়ে এসেছে হাসপাতালে। সাড়ে চার হাজার টাকা নিয়ে বের হয়েছিলেন। এর মধ্যে এক হাজার টাকা খরচ হয়ে গেছে, দুপুরে খাওয়া জোটেনি।

এর আগে হাসপাতালের পাঁচতলার নারীদের জন্য নির্ধারিত করোনা ওয়ার্ডে কথা হয় সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার নাজমা বেগমের সঙ্গে। তাঁর মা জাহানারা খাতুন (৬০) করোনায় আক্রান্ত হয়ে রোববার দুপুরে ভর্তি হয়েছেন। নাজমা বেগম বলেন, তাঁর বাবার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামে। প্রথমে মাকে ভর্তি করতে পারছিলেন না, এক পুলিশ কর্মকর্তা সম্পর্কে তাঁর ভাশুর হন; তাঁকে দিয়ে ভর্তি করিয়েছেন। কিন্তু তাঁর মায়ের শ্বাসকষ্ট অনেক বেশি। ফুসফুস ৭৫ ভাগ আক্রান্ত। তাঁকে সিসিইউতে নেওয়া দরকার। কিন্তু সিরিয়াল দিয়েও গত চার দিনে মাকে আইসিইউতে নিতে পারেননি।

অনেকের আইসিইউ প্রয়োজন, কাকে বাদ দিয়ে কাকে দেব বলেন। তদবির থাকে, তবে বেশি ঝুঁকিপূর্ণ রোগীকেই আগে নেওয়া হয়।
কুদরত-ই খুদা, তত্ত্বাবধায়ক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল

দেবহাটা উপজেলার নাকনা গ্রামের গোলাম রব্বানী (৬৩) প্রবল শ্বাসকষ্ট ও অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ জুলাই। চিকিৎসক তাঁকে আইসিইউতে নিতে বলেছিলেন। কিন্তু আইসিইউ শয্যা খালি পাচ্ছেন না। শুনেছেন তদবিরের লোক না থাকলে সহজে ওখানে চিকিৎসা নেওয়া যায় না।

এ শুধু জাহানার কিংবা গোলাম রব্বানীর অভিযোগ নয়, হাসপাতালের আইসিইউ প্রয়োজন, এমন অনেক রোগীর স্বজনেরা একই ধরনের বক্তব্য দিয়েছেন।

তবে বিপরীত চিত্রও আছে। আইসিইউতে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে মারা গেছেন রেবেকা খাতুন (৫০)। কলেজশিক্ষক রাসেদ রেজা জানান, তাঁর মাকে শনিবার এই হাসপাতালে ভর্তি করেছিলেন। রোববার আইসিইউ প্রয়োজন হয়। পরিচিত একজনকে ধরে মাকে আইসিইউতে নেওয়া হয়। তিনিসহ তাঁর অন্য ভাইবোন একবাক্যে বলেন, তাঁরা ভালো চিকিৎসা পেয়েছেন।

একই কথা বলেন কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের সুশান্ত বিশ্বাস। পরিচিত এক চিকিৎসককে দিয়ে তাঁর অসুস্থ স্ত্রীকে মঙ্গলবার আইসিইউতে নিয়েছেন। এখানে চিকিৎসা ভালো পাচ্ছেন। চিকিৎসক ও নার্সরা ভালো ব্যবহার করছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে স্বজনদের অপেক্ষা।
ছবি: প্রথম আলো

হাসপাতালের তত্ত্বাবধায়কের দপ্তর সূত্রে জানা যায়, হাসপাতালে আটটি আইসিইউ ও ১৪টি পোস্ট সিসিইউ নিয়ে শয্যাসংখ্যা ২৫০টি। বৃহস্পতিবার বেলা একটার দিকে ২১ জন করোনায় আক্রান্তসহ ২৭৬ জন রোগী ভর্তি ছিলেন। আইসিইউ ও পোস্ট সিসিইউ সব শয্যায় রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নতুন রোগী ভর্তি করা হয়েছে ৪৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।

সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ সংক্রমণ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ১০ জন। এ নিয়ে উপসর্গ নিয়ে জেলায় মারা গেল ৩৯৬ জন। তিনি আরও জানান, বুধবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর লাবে ৩৮২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮৬ জনের। শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই খুদা বলেন, হাসপাতালটি বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতাল। সব রোগী তো ইচ্ছা থাকার পর ভর্তি করা যাবে না। ২৫০ শয্যার এ হাসপাতালে বতর্মানে ২৭৬ জন রোগী রয়েছে। রোগী এলে অনেক সময় শয্যা দিতে দেরি হতে পারে। শয্যা না থাকলে নতুন শয্যা লাগাতে ও স্থান ঠিক করতে সময় লাগে যায়।
‘শয্যা বাড়িয়ে কী করবো পাল্টা’—প্রশ্ন করে তিনি বলেন, ‘চিকিৎসক ও অন্যান্য লোকবলসংকট রয়েছে। রোগী ভর্তি নিলে তো তাদের চিকিৎসা দিতে হবে? তবে চিকিৎসার ব্যাপারে কোনো অভিযোগ তো নেই।’ কিশোর তাইজুলের বিষয়ে জানতে চাইলে তিনি বলে, হয়তো ঠিক জায়গায় যেতে পারেনি। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইসিইউ নিয়ে তিনি বলেন, ‘অনেকের আইসিইউ প্রয়োজন, কাকে বাদ দিয়ে কাকে দেব বলেন। তদবির থাকে, তবে বেশি ঝুঁকিপূর্ণ রোগীকেই আগে নেওয়া হয়।’