রাজশাহী মেডিকেল
শয্যা সংকট, মেঝেই ভরসা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা ছিল ৩০৯টি। আর ভর্তি হয়েছিলেন ৪০২ জন।
ওয়ার্ডে শয্যা খালি নেই। তাই জরুরি বিভাগেই অক্সিজেন দেওয়ার জন্য দুটি শয্যার ব্যবস্থা করা হয়েছে। তাও খালি নেই। রাশিদা বেগম (৫০) তাই মেঝেতেই বসে পড়লেন। সেখানেই তাঁর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেওয়া হয়। শয্যা খালি না হওয়ায় দুপুরের দিকে তাঁকে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরে যেতে হয়। করোনা ও করোনার উপসর্গ নিয়ে আসা শয্যার অতিরিক্ত রোগী সামাল দিতে এভাবেই হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরনের রোগীর জন্য শয্যা ছিল ৩০৯টি। আর রোগী ভর্তি হয়েছিলেন ৪০২ জন। কর্তৃপক্ষ বলছে, সোমবার আরও একটি নতুন ওয়ার্ড করোনা ডেডিকেটেড করা হয়েছে।
রিনা বেগমের (ছদ্মনাম) বাড়ি রাজশাহী নগরের খড়খড়ি এলাকায়। তাঁর সঙ্গে হাসপাতালে এসেছিলেন তাঁর মেয়ে। করোনা রোগী নিয়ে ঝামেলা হচ্ছে, এ জন্য নিজের নামটা বললেন। কোনো ওয়ার্ডে জায়গা না থাকার কারণে ১ নম্বর ওয়ার্ডের চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি চলে যান।
জেলার পুঠিয়ার সরিষাবাড়ি এলাকা থেকে এসেছেন জাফার শাহ (৫৫)। তাঁর ছেলে রাসেল বলেন, তাঁর বাবা স্থানীয় একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপক হিসেবে চাকরি করেন। আট-নয় দিন ধরে জ্বর ছিল। গতকাল সকালে শ্বাসকষ্ট শুরু হলে সকাল আটটার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। ওয়ার্ডে শয্যা খালি না হওয়ার কারণে তাঁকে জরুরি বিভাগের একটি শয্যায় শুইয়ে সেখানেই অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। বেলা একটার দিকে তাঁদের হাসপাতালের ৩ নম্বর করোনা ওয়ার্ডে ভর্তির ব্যবস্থা করা হয়। বিকেল সাড়ে চারটার সময় ওই ওয়ার্ডে গিয়ে দেখা যায়, তাঁদের কোনো শয্যাই আর ফাঁকা নেই। মেঝেতে জায়গা করে দেওয়া হয়েছে। সেখানেই মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেওয়া হয়েছে। ছেলে রাসেল বলেন, ‘সকালের দিকে বাবার অবস্থা অনেকটা ভালো ছিল। এখন খারাপ লাগছে।’
জরুরি বিভাগের রোগীর অবস্থার বিষয়টি জানালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বলেন, অতিরিক্ত রোগীর চাপের কারণে গতকাল ৪৮ শয্যার ১৭ নম্বর ওয়ার্ড করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাতে সেন্ট্রাল অক্সিজেন সংযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, এবারের করোনার ধরন ভিন্ন। অক্সিজেন ছাড়া কোনো রোগী রাখার উপায় নেই। সোমবার সারা দিনে ৪২ জন রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় নতুন রোগী দিয়ে তার পর থেকে নতুন ওয়ার্ডে রোগী নেওয়া শুরু হবে। তিনি বলেন, তাঁদের ১৮৩টি অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে। সিলিন্ডার রয়েছে ৭৫২টি। সিলিন্ডার অনেক লাগে। এ জন্য তাঁরা আরও ২০০ কেনার প্রস্তুতি নিয়েছেন।