শরণখোলায় উত্তেজনা ছড়ানোর দায়ে গ্রেপ্তার ৪
কুমিল্লায় কোরআন অবমাননার প্রতিবাদ জানিয়ে গতকাল বুধবার রাত ১০টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া গ্রামে মিছিল বের করে কিছু লোক। এ সময় মিছিল থেকে উত্তেজনা ছড়ানোর দায়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
খবর পেয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান। এদিকে ঘটনায় পর থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর উপজেলার সব মন্দিরে অতিরিক্ত নিরাপত্তা ও পুলিশি টহল জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের রেজাউল হাওলাদার (৪৫), একই গ্রামের সজীব মাঝি (২০), বায়েজিদ খান (২০) ও উত্তর রাজাপুর গ্রামের ওলিয়ার হাওলাদার (১৮)।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ শরণখোলা শাখার সভাপতি বাবুল দাস বলেন, ‘এখানে সব ধর্মের মানুষেরা সম্প্রীতির সঙ্গে বসবাস করেন। নির্বিঘ্নে আমরা আমাদের ধর্মীয় উৎসব পালন করছি। কিন্তু এখানে সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করছে একটি মহল। এতে হিন্দুদের মধ্যে অতঙ্ক দেখা দিয়েছে। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যাতে দেশের অন্য কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে প্রশাসনসহ সবাইকে সতর্ক থাকার আহবান জানাই।’
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ‘এলাকায় উত্তেজনা ছড়ানো ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে কিছু লোক মিছিল বের করেন। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমরা চারজনকে গ্রেপ্তার করে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছি। তাঁদের সংশ্লিষ্টতা এবং কেন কারা কী উদ্দেশ্যে মিছিল করেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া যেহেতু হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব চলছে, সবদিক বিবেচনায় নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে।’