শরণখোলায় সুপেয় পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হয় বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আলো রানীকে l প্রথম আলো
দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হয় বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আলো রানীকে l প্রথম আলো

খাওয়ার পানির সংকট আগে থেকেই ছিল। মানুষ পুকুরের পানির ওপরই নির্ভর করত। লবণাক্ততার মাত্রা বেশি হওয়ায় নলকূপ বা গভীর নলকূপ কার্যকর নয়। সিডরের সময় জলোচ্ছ্বাসে এই অঞ্চলের সব পুকুরে লোনাপানি ঢুকে পড়ে। এরপর সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও ও দাতা সংস্থার অর্থায়নে নির্মিত পিএসএফের অধিকাংশই এখন অকেজো।

কথাগুলো বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা পাইলট হাইস্কুলের শিক্ষক অমলেন্দু হালদারের। বিশুদ্ধ পানির অভাবে এ উপজেলার লক্ষাধিক মানুষ ভোগান্তিতে রয়েছে। বিশেষ করে শুকনো মৌসুমে তাদের দুর্বিষহ জীবন কাটাতে হয়। পাশাপাশি মোরেলগঞ্জ, মোংলা, রামপাল উপজেলায়ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে।

ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার ১০ বছর পূর্ণ হলো ১৫ নভেম্বর। দীর্ঘ সময় পরও উপকূলের মানুষের কাছে বিভীষিকার নাম ‘সিডর’। ২০০৭ সালে প্রলয়ংকরী সেই ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাগেরহাটের উপকূলীয় উপজেলা শরণখোলা। ঝড়-জলোচ্ছ্বাসে এক রাতেই সব হারিয়েছিল এই জনপদের মানুষ। নষ্ট হয়ে গিয়েছিল সব বিশুদ্ধ পানির আঁধার। দুর্যোগ-পরবর্তী তাৎক্ষণিক সেই সংকট মোকাবিলার পর সরকারি-বেসরকারি উদ্যোগে পন্ডস অ্যান্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) নির্মাণের মাধ্যমে সুপেয় পানিসংকটের অনেকটাই সমাধান হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এসব পিএসএফ নষ্ট হয়ে পড়ে আছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, সিডর-পরবর্তী সময়ে সুপেয় পানির জন্য শরণখোলায় সরকারিভাবে প্রায় ৫৪৭টি পিএসএফ তৈরি করা হয়। এর মধ্যে ধানসাগর ইউনিয়নে ১০৫টি, খোন্তাকাটায় ১৫০টি, রায়েন্দায় ১৫৪টি ও সাউথখালী ইউনিয়নে ১৩৮টি। এর বাইরে বিভিন্ন এনজিও এবং দাতা সংস্থার পক্ষ থেকে কয়েক শ পিএসএফ নির্মাণ করা হয়।

২০০৭ সালে প্রলয়ংকরী সেই ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাগেরহাটের উপকূলীয় উপজেলা শরণখোলা। সিডরের মূল কেন্দ্রস্থল (আই) আঘাত হানে বলেশ্বর নদের তীরবর্তী সাউথখালীতে। উপজেলার চারটি ইউনিয়ন ঘুরে অন্তত ৭০ জনের সঙ্গে কথা বলে জানা যায়, এই জনপদে এখন সবচেয়ে বড় সমস্যা বিশুদ্ধ পানির সংকট। সাউথখালী গ্রামের গৃহবধূ মরিয়াম বেগম বলেন, ‘পানিতে খুব সমেস্যা। বর্ষাহালে আমরা তো একভাবে চলতে হারি। কিন্তু হুগনাহালে (শুকনার সময়) যাওনের কোনো জায়গা নাই। পুহুরের (পুকুর) পানি খাইতে হয়। অনেক দূরদে পানি আনতি অয় (হয়)।’

শনিবার দুপুরে কলসিতে করে পানি নিয়ে বাড়ি ফিরছিলেন রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের আলো রানী। তাঁর স্বামী রীরেন কীর্তনীয়া সাত বছর ধরে পক্ষাঘাতে ভুগছেন। তিনি বলেন, স্বামী অসুস্থ। অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতে হয়। এর মধ্যেই তাঁকে খাওয়ার পানি সংগ্রহ করে আনতে হয়।

সাউথখালী ইউনিয়নের মধ্য সাউথখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক ধরে প্রায় পৌনে ২ কিলোমিটার মাটির রাস্তা পাড়ি দেওয়ার সময় ১১টি পিএসএফ চোখে পড়ে। এর ১০টিই অকার্যকর ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কেবল গ্রামের সরকারি পুকুরপাড়ের দুটি পিএসএফের দক্ষিণ পাশেরটি সচল রয়েছে। সেখান থেকে পানি সংগ্রহ করছেন আশপাশের বাড়ির নারীরা।

সুন্দরবন-সংলগ্ন বগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুর কবির বলেন, ‘সিডরের পর ঘুরে দাঁড়িয়েছে এখানকার মানুষ। খেতে ভালো ফসল হচ্ছে। শুনছি নাকি বিদ্যুৎও আসছে এই এলাকায়। তবে খাওয়ার পানির জন্য এখনো খুব কষ্ট করতে হয় এখানকার মানুষকে।’ তাঁর বিদ্যালয়ের শিশুদের পানির জন্য কষ্ট পেতে হয়।

শরণখোলায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রদূত ফাউন্ডেশন। সংস্থাটির নির্বাহী পরিচালক মো. আউব আলী আকন বলেন, উপজেলায় সাত শতাধিক পিএসএফ আছে, যার বেশির ভাগই নষ্ট। এগুলোর রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অনেকগুলো সামান্য খরচে সচল করা সম্ভব। কয়েকটি পরিবার মিলে একটি পিএসএফ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বলেন, সিডরের পর সরকারের পাশাপাশি এনজিওর মাধ্যমেও পিএসএফ স্থাপন করা হয়েছিল। কতগুলো পিএসএফ অকার্যকর হয়ে আছে, তা হিসাব করে চালু করার পদক্ষেপ নেওয়া হবে। নিয়মিত তদারকের মাধ্যমে কীভাবে এগুলো কার্যকর ও সচল রাখা যায়, সে জন্য এনজিওগুলোর সঙ্গেও আলোচনা করা হবে।