একবেলা খাবার জুটলেও অন্য বেলা উপোস। অভাব-অনটন পিছু ছাড়ছিল না। এ অবস্থায় ২০০৯ সালে ভেড়া পালন শুরু করেন শরিফা বেগম। গত ১২ বছরে ২০০টির বেশি ভেড়া বিক্রি করে আয় করেছেন প্রায় আট লাখ টাকা। শুধু নিজের ভাগ্য বদল করে থেমে থাকেননি। প্রতিবেশী ও আশপাশের গ্রামের অভাবী নারীদেরও পথ দেখিয়েছেন।
শরিফার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। এই গ্রামসহ আশপাশের তিনটি গ্রাম মিলিয়ে প্রায় ৫০০ নারী এখন ভেড়া পালন করছেন। শরিফার মতো তাঁদের বাড়িতেও এখন ভেড়ার খামার।
তারাগঞ্জ উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে লক্ষ্মীপুর গ্রাম। শরিফার বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি ভেড়াকে কাঁঠালগাছের পাতা খাওয়াচ্ছেন। সেখানে কথা হয় শরিফার সঙ্গে।
১৯৯৭ সালে বিয়ে হয় শরিফার। কিন্তু স্বামীর বাড়িতে প্রায়ই অনাহারে থাকতে হতো। ২০০৯ সালের জানুয়ারিতে তাঁর বাড়িতে দাওয়াত খেতে যান মামা মন্তাজুর রহমান। শরিফার কিছু করার ইচ্ছার কথা শুনে তিনিই ভেড়া পালনের পরামর্শ দেন। শরিফা তাঁর মা অলিমা বেগমের গয়না বিক্রির দুই হাজার টাকায় দুটি ভেড়া কিনে পালন শুরু করেন। বছর না ঘুরতেই ভেড়া দুটি তিন দফায় ১২টি বাচ্চা দেয়। তা বিক্রি করে আয় হয় ১২ হাজার টাকা।
চলতি বছর ৩৬টি ভেড়া বিক্রি করে দুই লাখ টাকা আয় করেন শরিফা। বর্তমানে তাঁর খামারে ৪০টি ভেড়া আছে। লাভের টাকায় খড়ের ঘরের জায়গায় টিনের ঘর করেছেন শরিফা। কিনেছেন আবাদি জমি। আম, কাঁঠাল, পেঁপের গাছ ও শাকসবজি লাগিয়েছেন বাড়ির চারদিকে। দুই ছেলে-মেয়ে পড়াশোনা করছে। শরিফার ভাষায়, ‘একসময় খুব কষ্ট আছল। এখন ভালোভাবে চলবার পারুছি। ভেড়া পুষি হামার ভালোয় উন্নতি হইছে।’
লক্ষ্মীপুর গ্রামের শরিফা বেগম ১২ বছরে ২০০টির বেশি ভেড়া বিক্রি করেছেন। তাঁর দেখাদেখি অন্য নারীরা বাড়িতে খামার করেছেন।
শরিফার ভাগ্যের পরিবর্তন দেখে প্রতিবেশী নারীরাও ভেড়া পালনে আগ্রহী হয়ে ওঠেন। শরিফা তাঁদের ভেড়া পালনের পরামর্শও দেন। ধীরে ধীরে ইকরচালী ইউনিয়নের লক্ষ্মীপুর মণ্ডলপাড়া, দোহাজারী, বিড়াবাড়ি, গ্রামের প্রায় ৫০০ নারী ভেড়া পালনের সঙ্গে জড়িয়ে পড়েন।
লক্ষ্মীপুর গ্রামের শাহেদা বেগম জানান, শরিফার কাছে ভেড়া পালন শিখে তিনি এখন নিজে আয় করছেন। রাহেনা বেগম নামের এক নারী বলেন, ‘শরিফার কাছোত হামরা ট্রেইনিং নিছি, কেমন করি ভেড়ার যত্নœনিবার নাগে। শরিফার জন্যে হামার এই গ্রামোত উন্নতি হইছে।’ একই রকম কথা বলেন এই গ্রামের রহিমা বেগম, তাহেরা খাতুন ও রোকেয়া খাতুন।
গ্রামের খোতেজা বেগমের খামারে এখন ২০টি ভেড়া, দুটি গাভি ও হাঁস-মুরগি আছে। ৩৩ শতক জমিও কিনেছেন। আরেক গৃহবধূ ফুলবী খাতুন ভেড়ার খামার করে সে আয়ের টাকায় স্বামীকে মুদিদোকান করে দিয়েছেন। কিনেছেন ১৮ শতক জমি। বর্তমানে তাঁর খামারে ১৮টি ভেড়া আছে।
ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, লক্ষ্মীপুর গ্রামের মানুষের কষ্টের শেষ ছিল না। শরিফার দেখাদেখি অনেকেই ভেড়ার খামার করে আর্থিক অবস্থার উন্নতি করেছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান গতকাল বলেন, উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ভেড়া পালন করা হচ্ছে লক্ষ্মীপুর গ্রামে। প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে ভেড়া পালনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে।