শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে অন্তঃসত্ত্বা কিশোরীর মৃত্যুর ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরাইয়া নেওয়াজ
ছবি: সংগৃহীত

স্বামী-শাশুড়ির অত্যাচার সইতে না পেরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে অন্তঃসত্ত্বা কিশোরী গৃহবধূ সুরাইয়ার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার সুরাইয়ার চাচা সাইদুল ইসলাম বাদী হয়ে নেত্রকোনার কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন।

মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন সুরাইয়ার স্বামী শাহীন আলম, ভাশুর শাহান মিয়া, শাশুড়ি মমতা আক্তার, ননদ শারমিন আক্তার, শ্বশুর আবু তাহের ও শাহীনের বন্ধু আশরাফুল ইসলাম।

মামলার বাদী সাইদুল ইসলাম বলেন, ‘শাহীন আলম আমার ভাতিজিকে ফুসলিয়ে বিয়ে করে যৌতুকের জন্য মারধর করত। তার শ্বশুরবাড়ির লোকজনও অত্যাচার করত। ১৬ মাসের সংসারে মেয়েটি সুখ পায়নি। এসব নিয়ে অনেকবার বিচার-বৈঠক হয়েছে। মেয়েটিকে বাবার বাড়িতে নিয়ে আসার পরও মুঠোফোনে তারা হুমকি দিয়ে গালমন্দ করত। ঘটনার আগেও তার স্বামী ফোনে যৌতুক চেয়ে হুমকি দিয়েছে। এ ঘটনায় সর্বোচ্চ বিচার চাই। আসামিদের ফাঁসি চাই।’

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদ খান বলেন, গতকাল সকালে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সুরাইয়া নেওয়াজের বাবার বাড়ি নেত্রকোনার কলমাকান্দার গাখাজোড়া গ্রামে। সে ওই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে। তার স্বামীর বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দুক্ষণ মাইজপাড়া ইউনিয়নের খাগগড়া গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের কয়েক মাস পর থেকে সুরাইয়াকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য নির্যাতন করতেন। অত্যাচার-নির্যাতন সইতে না পেরে মেয়েটি তার বাবার বাড়িতে এসে ৯ অক্টোবর অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সবশেষ ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে সুরাইয়া মৃত কন্যাসন্তানের জন্ম দেয়। সন্ধ্যায় লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া মারা যায়।

এ নিয়ে বৃহস্পতিবার প্রথম আলোতে ‘মৃত সন্তান জন্ম দিয়ে চলে গেল গায়ে আগুন দেওয়া কিশোরী মা-ও’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

সুরাইয়ার মৃত্যুর পর তার লাশ বাবার বাড়ি কলমাকান্দার গাখাজোড়া গ্রামে শুক্রবার রাত ১১টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আর তার সন্তানের লাশ বৃহস্পতিবার বিকেলে আজিমপুর কবর স্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুন