শরীয়তপুর সদরের ইউএনও কে চিঠি দিয়ে হত্যার হুমকি
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাইকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ডাকযোগে আসা দুটি চিঠিতে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শরীয়তপুর সদরের পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, ইউএনওকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়ার বিষয়টি দুপুরে তাঁকে জানানো হয়। এরপরই জিডি করা হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। তিনি আশা করছেন তদন্ত শেষে পুরো বিষয়টি বেরিয়ে আসবে।
পালং মডেল থানা সূত্র জানায়, ডাক বিভাগের মাধ্যমে ইউএনও বরাবর হাতে লেখা দুটি চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার চিঠি দুটি ডাক বিভাগের পিয়ন এসে ইউএনওর কার্যালয়ে পৌঁছে দেন। ইউএনও দুপুরে চিঠি দুটি পড়ে সেখানে বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা পেয়েছেন। একটি চিঠিতে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপরই বিষয়টি তিনি জেলা প্রশাসক ও পুলিশকে জানান।
৩১তম বিসিএসের কর্মকর্তা মনদীপ ঘরাই গত বছর ৭ ডিসেম্বর শরীয়তপুর সদরের ইউএনও হিসেবে যোগদান করেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন ইউএনও। তবে তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি।
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনাটি উদ্বেগের। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তদন্ত করে আসল ঘটনা বের করার জন্য পুলিশ কাজ শুরু করেছে।