শরীয়তপুরে আইসোলেশনে ভর্তি থাকা রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে তাঁ মৃত্যু হয়। শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হওয়ায় স্বজনে গতকাল রোববার সকাল ১০টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। ৬০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি সদর উপজেলার একটি গ্রামে।

চিকিৎসকেরা জানান, তিন মাস আগে ওই ব্যক্তির যক্ষ্মা রোগ শনাক্ত হয়। বাড়িতে বসে তিনি যক্ষ্মা রোগের চিকিৎসা নিচ্ছিলেন। জ্বর ও শ্বাসকষ্ট থাকায় করোনা সন্দেহে গতকাল বিকেলে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আজ সকালে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থাপনায় ইসলামিক ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসন তাঁর লাশ দাফন করবে।

এর আগে গত দুই সপ্তাহে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন দুই যুবক মারা গেছেন। পরে তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাঁদের শরীরে করোনা শনাক্ত হয়নি। ওই দুই যুবকের বাড়ি নড়িয়া উপজেলায়।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুনির আহমেদ খান প্রথম আলোকে বলেন, আজ সকালে আইসোলেশনে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দু-তিন দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরিস্থিতি বেশি খারাপ হলে স্বজনরা গতকাল সকালে তাঁকে সদর হাসপাতালে নিয়ে আসেন। তখন জরুরি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে চিকিৎসা দেন। করোনার উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁর অবস্থা এমনিতেই ভালো ছিল না। শ্বাসকষ্ট বেড়ে গেলে আজ সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হবে। করোনার মতো উপসর্গ থাকায় স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় তাঁর লাশ দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।