শরীয়তপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘর। আজ সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে
ছবি: সংগৃহীত

শরীয়তপুর সদর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিনোদপুর ইউনিয়নে দফায় দফায় সংঘর্ষে ১২টি বসতঘর ও ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য কোব্বাত মাদবরের সমর্থকদের সঙ্গে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য এমদাদ মাদবরের সমর্থকেরা সংঘর্ষে জড়ান। আহত ব্যক্তিদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদরের পালং মডেল থানা সূত্রে জানা গেছে, গত ইউপি নির্বাচনে বিনোদপুর ইউপিতে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমদাদ মাদবর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কোব্বাত মাদবর সদস্য পদে নির্বাচন করেন। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এমদাদ মাদবর পরাজিত হন। এর পর থেকে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। আজ সকালে এমদাদ মাদবরের সমর্থকদের সঙ্গে কোব্বাত মাদবরের সমর্থকদের কথা–কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে এমদাদের সমর্থকেরা কোব্বাত মাদবরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ইউপি সদস্য কোব্বাত মাদবর অভিযোগ করে বলেন, ‘এমদাদ মাদবর আমার ও সমর্থকদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন। হামলায় আমার সমর্থকেরা আহত হয়েছেন। ইউপি নির্বাচনে তিনি পরাজিত হওয়ার পর নানাভাবে আমাকে হেনস্তা করার জন্য চেষ্টা করছেন। সে জন্য এ হামলা চালিয়েছেন।’

অভিযোগের বিষয়ে বিনোদপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমদাদ মাদবর বলেন, তাঁর কোনো সমর্থক কারও বাড়িঘরে হামলা করেননি। কোব্বাত মাদবর ও তাঁর সমর্থকেরা তাঁর লোকজনের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেছেন। বাধা দেওয়ায় তাঁকেসহ তাঁর লোকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন।

সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ও তিনি ঘটনাস্থলে যান। পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।