শরীয়তপুরে আরও ১০৬ জনের করোনা শনাক্ত, সংক্রমণের হার ৫০ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় জেলায় শনাক্তের হার ৫০ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন একজন।

বর্তমানে জেলায় ১ হাজার ৮০ ব্যক্তি করোনায় সংক্রমিত হয়ে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮১২ ব্যক্তি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ ব্যক্তির দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়, যা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৫০ দশমিক ২৩ শতাংশ। ওই সময়ের মধ্যে একজন মারা গেছেন। মৃত ব্যক্তির বাড়ি নড়িয়া উপজেলায়। শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেলায় এ পর্যন্ত ১৫ হাজার ৮৫৪ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৮১২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৪৫ জনের। করোনা রোগীদের চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ২০ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় ১৫ শয্যার ডায়রিয়া ওয়ার্ডকে করোনা ওয়ার্ড করা হয়েছে। এ ছাড়া নড়িয়ায় ১৮ শয্যা, জাজিরায় ১০ শয্যা, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ শয্যা করে করোনা ইউনিট চালু করা হয়েছে।

শরীয়তপুরের সিভিল সার্জন এস এম আবদুল্লাহ আল মুরাদ প্রথম আলোকে বলেন, ‘গত ১৫ দিনে জেলায় করোনার সংক্রমণ অনেক বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে অন্তত ১৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনাক্তের হারও ৫০ শতাংশের ওপরে থাকছে। আমরা মানুষকে স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানাচ্ছি। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের কঠোর বিধিনিষেধ চলছে। তা মানাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শীর্ষ কর্মকর্তারাও মাঠে কাজ করছেন।