শরীয়তপুরে তৃতীয় দফা বন্যায় চরম দুর্ভোগে নানা পেশার মানুষ

শরীয়তপুরের তৃতীয় দফা বন্যার পানির সঙ্গে অতিবৃষ্টিতে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বন্যাকবলিত এলাকায় খাওয়ার পানির সংকট সৃষ্টি হয়েছে। দুই মাসেরও বেশি সময় পানিবন্দী থাকায় বিভিন্ন পেশার মানুষের আয়রোজগার বন্ধ। এ কারণে মানুষ পরিবারের সদস্যদের নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছে।

তৃতীয় দফা বন্যায় লাবণী আক্তারের বাড়ির উঠান ও রান্নাঘর পানিতে তলিয়ে আছে। এ কারণে উঠানে উঁচু মাচা তৈরি করে রান্নার কাজ করছেন তিনি। শনিবার শরীয়তপুর নড়িয়ার ঈশ্বরকাঠি গ্রাম থেকে তোলা।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে পদ্মায় পানি বেড়ে তৃতীয় দফা বন্যার কবলে পড়েছে শরীয়তপুর জেলা। এক সপ্তাহ ধরে পানি বাড়তে থাকায় পদ্মা ও মেঘনা নদীর তীরের গ্রাম ও হাটবাজার বন্যার পানিতে তলিয়ে গেছে। এখন বন্যার পানির সঙ্গে অতিবৃষ্টিতে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বন্যাকবলিত এলাকায় খাওয়ার পানির সংকট সৃষ্টি হয়েছে। দুই মাসেরও বেশি সময় পানিবন্দী থাকায় বিভিন্ন পেশার মানুষের আয়রোজগার বন্ধ। এ কারণে মানুষ পরিবারের সদস্যদের নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শরীয়তপুর কার্যালয় ও জেলা প্রশাসন সূত্র জানায়, জুনের প্রথম সপ্তাহ থেকে পদ্মায় পানি বাড়তে থাকে। প্রথম দফায় পানি বেড়ে জেলায় বন্যা দেখা দেয়। এরপর জুনের শেষ সপ্তাহ থেকে দ্বিতীয় দফায় পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়। তখন পদ্মার পানি সুরেশ্বর পয়েন্টে ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এ কারণে জেলার চারটি উপজেলার ৪৫টি ইউনিয়নের ৪০০ গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে সাড়ে পাঁচ লাখ মানুষ। আগস্টের প্রথম সপ্তাহ থেকে পদ্মা নদীতে পানি কমতে থাকে। তখন পানি কমে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। গত রোববার থেকে পুনরায় পদ্মায় পানি বাড়তে থাকে। নতুন করে তলিয়ে যেতে থাকে বন্যাকবলিত ওই গ্রামগুলো। গত শনিবার পদ্মা নদীর পানি শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

ঘরে পানি থাকায় খাটের ওপর, উঁচু মাচায় আশ্রয় নিয়েছে মানুষ। রান্নাঘরে পানি থাকায় কেউ কেউ বাড়ির উঠানে উঁচু মাচা বানিয়ে, আবার কেউ কেউ কাদা-পানির মধ্যে দাঁড়িয়ে রান্নার কাজ করছেন।

শনিবার জাজিরার কুণ্ডেরচর, বিলাশপুর, নড়িয়ার ঈশ্বরকাঠি ও শেহের আলী মাদবরকান্দি গ্রামে গিয়ে দেখা গেছে, অনেক মানুষের বসতঘর, রান্নাঘর ও উঠান পানিতে তলিয়ে গেছে। ঘরে পানি থাকায় খাটের ওপর, উঁচু মাচায় আশ্রয় নিয়েছে মানুষ। রান্নাঘরে পানি থাকায় অনেকে বাড়ির উঠানে উঁচু মাচা বানিয়ে, অনেকে কাদা-পানির মধ্যে দাঁড়িয়ে রান্নার কাজ করছেন। পানিবন্দী মানুষের খাদ্য ও বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। শৌচাগার ভেসে যাওয়ায় প্রাকৃতিক কাজ সারতে মানুষের সমস্যা হচ্ছে।
নড়িয়ার শেহের আলী মাদবরকান্দি গ্রামের খুরশিদা বেগমের স্বামী আলাউদ্দিন বাছার মাটিকাটা শ্রমিকের কাজ করেন। ১০ আগস্ট তাঁদের বাড়ির পানি নেমে যায়। তখন ক্ষতিগ্রস্ত মাটির ঘরটি তাঁরা সংস্কার করেন। রোববার পুনরায় পানি বেড়ে ওই ঘরে পানি ঢুকে মেঝে ক্ষতিগ্রস্ত হয়েছে। খুরশিদা বেগম বলেন, ‘প্রথম দফায় বন্যায় পানিবন্দী হয়ে পড়ি। বাড়ির উঠান ও ঘর থেকে পানি নেমে গিয়েছিল। কিন্তু সাত দিন ধরে আবার পানি বাড়ায় আমরা বিপাকে পড়েছি। গ্রাম পানির নিচে থাকায় স্বামীর কাজ বন্ধ। ১০ কেজি চাল পেয়েছিলাম, কিন্তু তা শেষ। ঘরেও খাবার নেই। এখন বাজার করার জন্য ঋণ করেছি।’

আরও পড়ুন
তৃতীয় দফা বন্যার পানি আসায় বসতঘরের মেঝে রক্ষার জন্য ভিটায় মাটির প্রলেপ দিচ্ছেন খুরশিদা বেগম। শনিবার নড়িয়ার শেহেরআলী মাদবরকান্দি গ্রামে।
ছবি: প্রথম আলো

নড়িয়ার ঈশ্বরকাঠি গ্রামের রোজিনা আক্তার (৪০)। ২০১৮ সালে তাঁদের বসতভিটা ও তিন বিঘা ফসলি জমি পদ্মায় বিলীন হয়ে যায়। সড়কের পাশে একটি জমি ভাড়া নিয়ে পরিবারসহ আশ্রয় নেন। সেই বাড়িতে দুই মাস ধরে পানি। স্বামী মিন্টু সিকদার ডেকোরেটর শ্রমিক। তাঁরও কাজ বন্ধ। পানিবন্দী পরিবারটি খাদ্যসংকটে মানবেতর জীবন যাপন করছে।
রোজিনা আক্তার বলেন, ‘দুই মাস কেউ পানিবন্দী থাকতে পারে? পানিতে নেমে কাজ করতে গিয়ে হাত-পায়ে ঘা হয়ে গেছে। রান্নাঘরে পানি থাকায় স্বামী উঠানে একটি উঁচু মাচা তৈরি করে দিয়েছে, তার মধ্যেই রান্নার কাজ করি। তার ওপর এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে আরও দুর্ভোগে পড়েছি।’
জাজিরার বিলাশপুর গ্রামের আলাউদ্দিন আজাদ ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। দুই মাস ধরে এলাকা তলিয়ে আছে বন্যার পানিতে। এর আগে করোনার কারণে এপ্রিল থেকে তাঁর কাজ বন্ধ। তাঁর আয়ে সংসার চালাতে কোনো অসুবিধা হতো না। এ কারণে কখনো কারও কাছে সাহায্যের জন্য হাত পাতেননি। কিন্তু এখন পড়েছেন চরম বিপাকে। বেকার অবস্থায় থেকে সঞ্চয় করা টাকা খরচ করেছেন। এখন হাতে টাকা না থাকায় ঠিকমতো সংসার চালাতে পারেন না।
আলাউদ্দিন আজাদ বলেন, ‘ইলেকট্রিক কাজ ও বাড়িতে মুরগি লালনপালন করে যা আয় করতাম, তা দিয়ে খুব ভালো ছিলাম। পাঁচ মাস কোনো আয় নেই। বন্যায় ঘরবন্দী কেউ কাজের জন্যও ডাকে না। মুরগিগুলো মরে গেছে। এখন সীমাহীন দুর্ভোগে পড়েছি। লজ্জায় কারও কাছে সাহায্যও চাইতে পারছি না। এলাকার একটি দোকান থেকে বাকিতে প্রয়োজনীয় চাল-ডাল নিচ্ছি। তিনিও টাকার জন্য চাপ দিচ্ছেন। এমন দুর্ভোগ অবস্থার মধ্যে কত দিন থাকতে হবে আল্লাহই জানেন।’

ইলেকট্রিক কাজ ও বাড়িতে মুরগি লালনপালন করে যা আয় করতাম, তা দিয়ে খুব ভালো ছিলাম। পাঁচ মাস কোনো আয় নেই। বন্যায় ঘরবন্দী কেউ কাজের জন্যও ডাকে না। এখন সীমাহীন দুর্ভোগে পড়েছি। লজ্জায় কারও কাছে সাহায্যও চাইতে পারছি না।
আলাউদ্দিন আজাদ, ইলেকট্রিক মিস্ত্রি, বিলাশপুর গ্রাম,জাজিরা উপজেলা

এ বিষয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘বন্যার পানি নেমে গেলে পানিবন্দী মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। আবার এক সপ্তাহ ধরে পানি বৃদ্ধি পাওয়ায় মানুষ চিন্তিত হয়ে পড়েছে। পানিবন্দী মানুষকে দুই দফায় ৯৫০ মেট্রিক টন চাল, ১৬ লাখ টাকা ও পাঁচ হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। তৃতীয় দফায় ত্রাণসহায়তা দেওয়ারও প্রস্তুতি আমাদের রয়েছে।’