শরীয়তপুরে দুই দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

শরীয়তপুরে দুই দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার নড়িয়ায় পানিতে ডুবে দুজন ও গতকাল বৃহস্পতিবার সদর উপজেলায় দুজন মারা গেছে। এদিকে ১৩ আগস্ট থেকে পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় আশপাশের হাওর, বাঁওড় ও খালে পানি প্রবেশ করেছে। ফলে পানিতে ডুবে মৃত্যুর আশঙ্কা বেড়েছে এসব এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিনে মারা যাওয়া শিশুরা হলো সদর উপজেলার ডোমসার ইউনিয়নের সুজন দোয়াল গ্রামের ফারুক হাওলাদারের ছেলে রায়হান (২), একই গ্রামের আল ইসলামের ছেলে ইব্রাহীম (৩), নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নের তৌহিদ মুন্সিকান্দি গ্রামের রহিম জমাদ্দার (৯) ও নড়িয়া পৌরসভার লোনসিং এলাকার মিজানুর রহমানের মেয়ে নুসাইবা (৪)।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ির লোকজনের চোখ এড়িয়ে ইব্রাহীম ও প্রতিবেশী রায়হান বাড়ির পাশের বাঁওড়ে খেলতে যায়। সেখানে তারা দুজন পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ তারা বাড়ি না ফেরায় স্বজনেরা বাড়ির আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যার দিকে বাঁওড় থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

গত বুধবার নড়িয়া উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রহিম জমাদ্দারের মৃত্যু হয়। ওই দিনই একই উপজেলার নুসাইবা প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরপরই তার মৃত্যু হয়।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ৯টার দিকে পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সন্ধ্যায় একই স্থানে পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপরে ছিল।

স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় নড়িয়ার কিছু নিচু এলাকায় তীর উপচে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। এর প্রভাবে কীর্তিনাশা নদীতেও পানি বেড়েছে। এদিকে পদ্মা নদীর স্রোতের কারণে জাজিরার পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় ও কীর্তিনাশার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। নদীর তীরবর্তী বিভিন্ন গ্রামের খাল, ডোবা, বাঁওড় ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

ভাঙনরোধে জাজিরার ৩৭টি স্থানে, নড়িয়ার ১২টি, ভেদরগঞ্জের ২২টি, গোসাইরহাটের ১৪টি ও সদর উপজেলার কীর্তিনাশা নদীর ১৫টি স্থানে বালুভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ফেলা হচ্ছে জানা গেছে।

শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব প্রথম আলোকে বলেন, পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় আশপাশের নদী, হাওর, বাঁওড় ও খালে পানি প্রবেশ করছে। বাড়ির পাশের ডোবাগুলোও এখন ঝুঁকিপূর্ণ। তাই এ সময় দুর্ঘটনা এড়াতে বাড়ির শিশু ও বয়স্ক সদস্যদের সাবধানে রাখতে হবে।