শরীয়তপুরে নতুন আক্রান্ত ৮, বেশির ভাগেরই নেই উপসর্গ

শরীয়তপুরে ২ শিশুসহ নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাঁদের বেশির ভাগেরই নেই উপসর্গ।
নতুন আক্রান্ত আটজনের মধ্যে একজন সদর উপজেলার পালং আর বাকিরা ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার দুপুরে বিষয়টি জানানো হয়।
শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আজ বুধবার আইসিডিডিআরবি থেকে আটটি নমুনার পজিটিভ ফলাফল পাওয়া গেছে। তাঁদের মধ্যে আক্রান্ত দুই শিশুর বয়স ১০ থেকে ১৫ বছর। এর আগে সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের সাড়ে ছয় বছরের এক শিশু আক্রান্ত হয়েছে। এ নিয়ে শরীয়তপুরে মোট তিন শিশু করোনায় আক্রান্ত হয়েছে।
আজ নতুন আক্রান্ত ৮ জনসহ জেলায় মোট ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুজন শরীয়তপুর সদর হাসপাতালে আইসোলেশন রয়েছেন এবং একজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ পর্যন্ত জেলায় ৯৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের মধ্যে ৮২১ জনের ফলাফল পাওয়া গেছে।
শরীয়তপুরের সিভিল সার্জন আব্দুল্লাহ আল মুরাদ প্রথম আলোকে বলেন, জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগেরই কোনো ধরনের উপসর্গ নেই। যাঁরা আক্রান্ত হয়েছেন, দুই সপ্তাহ পর তাঁদের ফলোআপ নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরপর দুবার নেগেটিভ এলে তাঁদের করোনামুক্ত ঘোষণা করা হবে।