শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপরে, ১০ গ্রাম প্লাবিত
শরীয়তপুরে সুরেশ্বর পয়েন্টে আজ সোমবার সকাল ৯টায় পদ্মা নদীর পানি ৫০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপরে। এতে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়ার ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত পাঁচ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ১৩ আগস্ট থেকে পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এরপর প্রতিদিনই পদ্মায় পানি বাড়ছে। আজ সকাল ৯টায় সুরেশ্বর পয়েন্টে পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি বেড়ে নড়িয়া ও জাজিরা উপজেলার ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। জাজিরার নাওডোবা, পূর্ব নাওডোবা, পালের চর, কুন্ডেরচর, নড়িয়ার চরাত্রা, মোক্তারের চর ও নওপাড়া ইউনিয়নের গ্রামগুলোর অন্তত পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের অনেকের ঘরে পানি উঠেছে। ফলে তারা পড়েছে বিপাকে। গ্রামগুলো প্লাবিত হওয়ায় সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
আজ জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, অধিকাংশ বাড়িতে পানি উঠেছে। নৌকা ছাড়া বাড়িতে লোকজন চলাচল করতে পারছে না। কৃষিজমি তলিয়ে যাওয়ায় দিনমজুরেরা বেকার হয়ে বসে আছেন। গ্রামের কোনো কোনো নলকূপ তলিয়ে গেছে।
জাজিরার মাঝিকান্দি গ্রামের আলী মাল (৫৫) কৃষিশ্রমিক। তাঁদের বাড়ির তিনটি ঘরে পানি উঠেছে। তাই তিনি পরিবারের সাত সদস্যকে নিয়ে বাড়ির উঠানে ইঞ্জিনচালিত নৌকায় আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ১০ দিন ধরে বাড়ির উঠানে পানি। চার দিন ধরে ঘরে পানি উঠেছে। বাধ্য হয়ে নৌকায় আশ্রয় নিয়েছেন। খাওয়ার কষ্ট, টয়লেট করতে কষ্ট হচ্ছে। বৃষ্টি হলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জাজিরার পাইনপাড়া এলাকার বাসিন্দা মিরাজ মাঝি বলেন, বাড়ির চারদিকে পানি। ঘর থেকে বের হতে পারেন না তাঁরা। কাজ নেই। খাবার যা আছে, তাতে দু-চার দিন চলবে। এরপর কী খাবেন, সেই চিন্তায় আছেন তাঁরা।
জেলা প্রশাসন সূত্র জানায়, পদ্মার পানি বাড়ায় তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দী মানুষকে সহায়তা করার জন্য ৮০০ প্যাকেট শুকনা খাবার, ৭০ মেট্রিক টন চাল, ৩ লাখ টাকা ও ১০০ বান্ডিল টিন বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসক পারভেজ হাসান গতকাল রোববার জাজিরার কুন্ডের চর এলাকায় ১৪২ পরিবারকে ২০ কেজি করে চাল ও ২ হাজার করে টাকা সহায়তা দিয়েছেন। আজ পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক নড়িয়ায় পানিবন্দী ২০০ পরিবারকে খাদ্যসহায়তা দেন।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুজ্জামান ভূঁইয়া বলেন, জাজিরার পাঁচটি ইউনিয়নের তীরবর্তী গ্রামে পানি প্রবেশ করেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করার জন্য।
জেলা প্রশাসক পারভেজ হাসান প্রথম আলোকে বলেন, পদ্মার পানি বেড়ে যাওয়ায় কিছু মানুষ দুর্ভোগে পড়েছে। তাদের সহায়তা করার জন্য মাঠপর্যায়ে কাজ চলছে। পদ্মার তীরবর্তী যেসব গ্রামের মানুষ পানিবন্দী ও ভাঙনের শিকার হয়েছেন, তাঁদের সহায়তা করা হচ্ছে। কোনো মানুষ খাদ্যকষ্টে ও আশ্রয়হীন থাকবে না। জেলায় ৪৫টি আশ্রয়কেন্দ্র আছে। পানি আরও বেড়ে গেলে সেখানে লোকজনকে নেওয়া হবে।