শরীয়তপুরে পরাজিত ইউপি সদস্য প্রার্থীকে পিটিয়ে হত্যা
শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী আব্দুল মালেক মালতকে (৫৫) তাঁর প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
আব্দুল মালেকের স্বজনেরা অভিযোগ করে বলেন, নওপাড়া ইউপি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের আরেক পরাজিত সদস্য প্রার্থী দেলোয়ার হোসেন মালত ও তাঁর সমর্থকেরা আজ সকালে আব্দুল মালেককে পিটিয়ে আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত আব্দুল মালেক নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধক্ষ্য। আর অভিযুক্ত দেলোয়ার হোসেন মালত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার নড়িয়ার নওপাড়া ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন। আজ সকাল ৮টার দিকে আব্দুল মালেক মালত স্থানীয় নওপাড়া বাজারে যান। সেখানে নির্বাচনের বিষয়ে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয় আরেক পরাজিত প্রার্থী দেলোয়ার মালতের। একপর্যায়ে দেলোয়ার ও তাঁর সমর্থকেরা মালেককে পিটিয়ে ফেলে রেখে যান। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।
নিহত মালেকের চাচাতো ভাই জাকির হোসেন বলেন, ‘আমার ভাই নির্বাচন করে পরাজয় মেনে নিয়েছেন। আজ সকালে তিনি ব্যক্তিগত কাজে বাজারে গিয়েছিলেন। কিন্তু দেলোয়ার হোসেন মনের ভেতর ক্ষোভ পুষে রেখে আমার ভাইকে তাঁর পরাজয়ের জন্য দায়ী করে তাঁকে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। ওরা প্রভাবশালী, তাই এই হত্যার বিচার পাব কি না, তাও বলতে পারছি না।’
ঘটনার পরে অভিযুক্ত দেলোয়ার হোসেন মালত ও তাঁর পরিবারের সদস্যরা গ্রাম থেকে পালিয়েছেন। দেলোয়ারের মুঠোফোন বন্ধ থাকায় আব্দুল মালেককে পিটিয়ে হত্যা করার অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, নওপাড়া ইউনিয়নের চারদিক পদ্মা নদী। নৌপথে পদ্মা পাড়ি দিয়ে যাতায়াত করতে হয়। এক পরাজিত ইউপি সদস্য প্রার্থীকে হত্যার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্তকাজ পুলিশ শুরু করেছে। আর এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই মামলা নথিভুক্ত করা হবে।