শরীয়তপুরে শিশু চুরির ঘটনায় জড়িত নারী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিসি ক্যামেরার ধরা পড়া শিশু মাহমুদ হাসানকে চুরির দৃশ্য। শরীয়তপুরের ধানুকায়
ছবি: ফেসবুক থেকে নেওয়া ভিডিওর স্ক্রিনশট

শরীয়তপুর শহরের ধানুকা এলাকা থেকে পাঁচ মাস বয়সী এক শিশুকে চুরির অভিযোগে আটক নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুটির বাবা আজ শনিবার সকালে শরীয়তপুর সদরের পালং মডেল থানায় ওই নারীকে আসামি করে মামলা করেন। পুলিশ আজ দুপুরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করে। আদালত তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চুরির পর উদ্ধার হওয়া শিশুটির নাম মাহামুদ হাসান। তার বয়স পাঁচ মাস চলছে। সে ধানুকা এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন ব্যাপারীর ছেলে। আটক নারীর নাম তানিয়া সিকদার (২২)। আটকের পর পুলিশকে দেওয়া তথ্যমতে, তাঁর বাড়ি শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায়। বাবার নাম মৃত আজিজ সিকদার।

গতকাল শুক্রবার সন্ধ্যায় নড়িয়া থানা-পুলিশ উপজেলার সিরঙ্গল গ্রামের একটি বাড়ি থেকে চুরি যাওয়া শিশুসহ তানিয়া সিকদারকে আটক করে।

আরও পড়ুন

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, শিশুর চুরির অভিযোগ উঠেছে যে নারীর বিরুদ্ধে, তাঁর বিষয়ে তদন্ত চলছে। তিনি তাঁর যতগুলো ঠিকানা বলেছেন, তা সব মিথ্যা। কোথায় তাঁর প্রকৃত বাড়ি, পুলিশ তা এখনো জানতে পারেনি। তিনি কেন শিশুটিকে চুরি করেছেন, তা–ও বলেননি।

সিসি ক্যামেরার ধরা পড়া শিশু মাহমুদ হাসানকে চুরির দৃশ্য। শরীয়তপুরের ধানুকায়
ছবি: ফেসবুক থেকে নেওয়া ভিডিওর স্ক্রিনশট

পুলিশ ও শিশুর পরিবার জানায়, শরীয়তপুর শহরের ধানুকা এলাকায় বিল্লাল হোসেন ব্যাপারীর বাড়িতে ভাড়া থাকতেন তানিয়া সিকদার। ওই নারী তিন মাস আগে বিল্লালের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। গতকাল বিল্লালদের বাড়ি বেড়াতে আসেন। এ সময় বিল্লালের ছেলে মাহামুদকে কোলে নিয়ে আদর করেন তিনি। দুপুরে  বাড়ির পুরুষ সদস্যরা নামাজ আদায় করতে মসজিদে যান। এ সুযোগে ওই নারী শিশুটিকে নিয়ে পালান। শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। কোথাও না পেয়ে বাড়ির সামনে একটি প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ভিডিও পরীক্ষা করা হয়। ওই ভিডিওতে দেখা যায়, শিশু মাহামুদকে কোলে নিয়ে দ্রুতবেগে পালাচ্ছেন তানিয়া।

তখন ওই শিশুর খোঁজে বিভিন্ন স্থানে যান তার স্বজনেরা। ওই শিশুর ফুফাতো ভাই মো. আদনান হোসেন ও আত্মীয়রা ফেসবুকে শিশুটির ছবি, তানিয়ার ছবি এবং সিসি ক্যামেরার ফুটেজ যুক্ত করে সন্ধান চেয়ে পোস্ট করেন। বিকেলে একটি পিকআপ ভ্যানের চালক ওই ছবি দেখে শিশুর পরিবারের সদস্যদের ফোন নম্বরে যোগাযোগ করে তার সন্ধান দেন। এরপর নড়িয়া থানার পুলিশ সিরঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার ও তানিয়াকে আটক করে।

আদনান হোসেন বলেন, ‘তানিয়া বাড়ির আগের ভাড়াটে হওয়ার কারণে পূর্বপরিচিত ছিলেন। তিনি যে গাড়িতে করে পালিয়েছিলেন, তার চালক ফেসবুকে চুরির ঘটনা জেনে ও তাদের ছবি দেখে আমাদের ফোন করেন। তখন আমরা সেখানে যাই, মাহামুদকে শনাক্ত করে পুলিশকে জানাই।’