শরীয়তপুরে ১০ টাকা কেজির ঢ্যাঁড়স ১৫ কিমি দূরে ৪০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর শহরের পালং বাজারে সবজি বিক্রি করা হচ্ছে। বুধবার সকালে
ছবি: প্রথম আলো

শরীয়তপুরের জাজিরা উপজেলার মিরাশার চাষিবাজারে প্রতি কেজি ঢ্যাঁড়স ১০ থেকে ১১ টাকায় বিক্রি করছেন কৃষক। ওই সবজি ১৫ কিলোমিটার দূরে জেলা শহরের বাজারে বিক্রি করা হচ্ছে ৪০ টাকা কেজি। শুধু ঢ্যাঁড়সই নয়, প্রায় সব ধরনের সবজিই তিন-চার গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে। বুধবার শরীয়তপুর জেলা শহর অন্তত ১০টি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

কৃষক কম দামে সবজি বিক্রি করলেও ভোক্তা পর্যায়ে কয়েক গুণ বেশি দামে ক্রয় করতে হচ্ছে। কৃষকের কাছ থেকে ক্রয় করে ভোক্তা পর্যায়ে আসতে তিন-চার দফা হাতবদলের কারণে এভাবে দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মিরাশার চাষিবাজারের আড়তদার সমিতির সভাপতি আবদুল জলিল মাতবর বলেন, কৃষকেরা পণ্য কোনো ফড়িয়াদের কাছে বিক্রি করেন, ফড়িয়ারা তা পাইকারের কাছে বিক্রি করেন, পাইকার হাটবাজারের আড়তে বিক্রি করেন, আড়ত থেকে নিয়ে খুচরা বিক্রেতার বিক্রি করেন। এভাবে কয়েক দফা হাত বদলের কারণে সবজির দাম দু-তিন গুণ বেড়ে যায়।

কৃষক, সবজি বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষকদের উৎপাদিত ফসল (সবজি) ন্যায্য দামে ভোক্তাদের কাছে বিক্রির জন্য ২০০৭ সালে সেনাবাহিনীর সহায়তায় জাজিরার মিরাশার এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কের পাশে কৃষি বাজারটি স্থাপন করা হয়। মিরাশার চাষিবাজার বহুমুখী সমবায় সমিতি নামের বাজারে জাজিরা, নড়িয়া ও পাশের মাদারীপুরের শিবচর উপজেলার কৃষকেরা সবজি বিক্রি করেন। সেখান থেকে পাইকারেরা সবজি ক্রয় করে তা বেশি দামে বিভিন্ন হাটবাজারে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করেন।

জাজিরার পূর্ব নাওডোবা এলাকার কৃষক নুরুল হক চৌকিদার (৪৫) দুই বিঘা জমিতে মিষ্টিকুমড়া আবাদ করেছেন। তিনি মঙ্গলবার মিরাশার চাষিবাজারে ১২০ কেজি কুমড়া বিক্রি করেছেন প্রতি কেজি ছয় টাকা দরে। নুরুল হক বলেন, জমি থেকে বাজার পর্যন্ত আনার শ্রমিক ও ভাড়া খরচও বিক্রি করে পেলেন না। এভাবে যদি তাঁরা ঠকতে থাকেন, তাহলে একসময় সবজি উৎপাদন বন্ধ করে দিতে হবে।

মঙ্গলবার শরীয়তপুর জাজিরায় মিরাশার চাষিবাজারে
ছবি: সত্যজিৎ ঘোষ

গত মঙ্গলবার বিকেলে মিরাশার চাষিবাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ ৩০ থেকে ৩৫ টাকা দামে বিক্রি করছেন কৃষক। তা শরীয়তপুরের বিভিন্ন হাটবাজারে ৯০ থেকে ১০০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। কৃষক প্রতি কেজি বেগুন ২৫ থেকে ৩০ টাকা বিক্রি করছেন, আর তা খুচরা বিক্রি করা হচ্ছে ৬০-৭০ টাকা। প্রতিটি লাউ কৃষক বিক্রি করছেন ২০ টাকা দরে, খুচরা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। প্রতি কেজি মিষ্টিকুমড়া ৫ থেকে ৬ টাকা, খুচরা বিক্রি করা হচ্ছে ২৫ টাকা। ১০ থেকে ১২ টাকার টমেটো খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। ১৫ টাকা কেজির শসা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, ৪০ টাকার শজনে খুচরা বাজারে ৬০ টাকা, ৩০ টাকা কেজির ধুন্দুল ও ঝিঙে ৭০ টাকা বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি ১০-১২ টাকা, খুচরা বাজারে বিক্রি ২৫-৩০ টাকা। ডাঁটা প্রতি আঁটি পাঁচ টাকা, খুচরা বাজারে তা ২৫ টাকা। ধনেপাতা প্রতি কেজি ৮০ টাকা, খুচরা বাজারে তা ২০০ টাকা কেজি। কাঁচা পেঁপে প্রতি কেজি ১০ টাকা, খুচরা বাজারে ২৫ টাকা। ৪০ টাকার পাকা পেঁপে খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে ১০০ টাকা।

কৃষক ঠকছে, আমরা ঠকছি। মাঝখানে মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটে যাচ্ছেন। দুঃখ লাগে এসব বিষয় সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা তদারকি করেন না।
আলমগীর হোসেন, সবজি ক্রেতা

জাজিরার হাজা নকরি মাদবরের কান্দি গ্রামের তারা মিয়া ফকির (৬৫) এক বিঘা জমিতে কাঁচা মরিচের আবাদ করেছেন। তিনি মঙ্গলবার প্রতি কেজি ৩৫ টাকা দামে ৯০ কেজি কাঁচা মরিচ বিক্রি করেছেন। তিনি বলেন, রোদ-আর বৃষ্টিতে ঘাম ঝরিয়ে ফসল ফলান। যখন ন্যায্য দাম না পান, তখন কষ্টে বুকটা ফেটে যায়। একই মরিচ যখন দু-তিন গুণ বেশি দামে বিক্রি হতে দেখে হতাশ হয়ে যান।

বুধবার সকালে শরীয়তপুর শহরের পালং বাজারে সবজি ক্রয় করেন কুরাশি এলাকার আলমগীর হোসেন। তিনি বলেন, ‘কৃষক ঠকছে, আমরা ঠকছি। মাঝখানে মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটে যাচ্ছেন। দুঃখ লাগে এসব বিষয় সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা তদারকি করেন না।’

জেলা কৃষি বিপণন কর্মকর্তা ইউসুফ হোসেন প্রথম আলোকে বলেন, কৃষকের পণ্য ভোক্তার কাছে পৌঁছাতে অন্তত চারটি হাত বদল হয়। তাই ধাপে ধাপে দাম বৃদ্ধি পায়। তাঁরা চেষ্টা করছেন অন্তত কৃষকের সঙ্গে খুচরা বিক্রেতার সংযোগ স্থাপনের জন্য। তাহলে কৃষকেরাও ন্যায্যমূল্য পাবেন, আবার ভোক্তারও সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন।