শরীয়তপুরে ২৪ ঘণ্টায় সিভিল সার্জনসহ আক্রান্ত দুই শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ ২৪ ঘণ্টায় শরীয়তপুরে ২০২ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। আর চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত একজন মারা গেছেন। জেলায় এই প্রথম এক দিনে এতসংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শরীয়তপুরের সিভিল সার্জন এস এম আবদুল্লাহ আল মুরাদও হয়েছেন। তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত জেলায় ৪ হাজার ২৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১ হাজার ৩২১ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।

শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫২১ জনের নমুনা পরীক্ষা করে ২০২ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। আক্রান্তের হার ৩৮ দশমিক ৭৭ শতাংশ। ওই সময়ের মধ্যে একজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির বাড়ি ভেদরগঞ্জ উপজেলায়। শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ১৭ হাজার ৩৮৬ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ হাজার ২৩০ জন করোনা সংক্রমিত হয়েছেন। আর মারা গেছেন ৪৮ জন।

করোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ২০ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় ১৫ শয্যার ডায়রিয়া ওয়ার্ডকে করোনা ওয়ার্ড করা হয়েছে। এ ছাড়া নড়িয়ায় ১৮, জাজিরায় ১০ এবং ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ শয্যা করে করোনা ইউনিট চালু করা হয়েছে।

শরীয়তপুরে ৫ দফায় এ পর্যন্ত ৯৯ হাজার ডোজ টিকা এসেছে। এর মধ্যে ৪৭ হাজার ৭৬০ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে দুই ডোজ টিকা পেয়েছেন ২১ হাজার ১৬৩ জন। আর টিকার জন্য সুরক্ষা অ্যাপে গতকাল মঙ্গলবার পর্যন্ত নিবন্ধন করেছেন ৭২ হাজার ৮১৩ জন।

সিভিল সার্জন এস এম আবদুল্লাহ আল মুরাদ প্রথম আলোকে বলেন, ‘গত ১৫-২০ দিনে শরীয়তপুরে করোনার সংক্রমণ অনেক বেড়েছে। এ সময়ের মধ্যে অন্তত ১৮ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনাক্তের হারও ৫০ শতাংশের কাছাকাছি থাকছে। আমরা মানুষকে স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানাচ্ছি। টিকার কার্যক্রম চলছে। দুই ডোজ টিকা নেওয়ার পর আমি নিজেও আক্রান্ত হয়েছি। আমি ভালো আছি, তেমন কোনো উপসর্গ নেই।’