শরীয়তপুরের সব ঘাটে নৌ চলাচল বন্ধ
শরীয়তপুর থেকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে যাতায়াতের সব নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে ওই নৌপথগুলোর কোনো ঘাট থেকে যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। নৌযান চলাচল বন্ধ থাকায় অনেক মানুষ নদী পারাপারের জন্য ঘাটগুলোতে অপেক্ষা করছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌ পুলিশ জানায়, ঢাকার আশপাশের সাতটা জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। এ কারণে ওই সব জেলার সঙ্গে যত নৌ ও সড়কপথ রয়েছে, তাতে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিআইডব্লিউটিএ প্রজ্ঞাপন জারি করে নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।
এ ছাড়া রাত ১১টা ২১ মিনিটে নৌপরিবহন মন্ত্রণালয় সংশোধিত বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার সঙ্গে সারা দেশের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। করোনার সংক্রমণ বাড়ায় আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে বলে জানানো হয়।
শরীয়তপুরের জাজিরার মঙ্গল মাঝির ঘাট ও শিমুলিয়া নৌপথ ব্যবহার করে সড়কপথে মানুষ ঢাকা ও মুন্সিগঞ্জে যাতায়াত করেন। এ ছাড়া নড়িয়া, মুলফৎগঞ্জ, সুরেশ্বর, ভেদেরগঞ্জের তারাবনিয়া, দুলারচর গৌরাঙ্গ বাজার, স্টেশন বাজার, আলুর বাজার, ডামুড্যা উপজেলা সদর, গোসাইরহাটের কোদালপুর, পট্টি, হাটুরিয়া ঘাট থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চ চলাচল করে।
লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কেউ যাতে অবৈধভাবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ট্রলার ও স্পিডবোট চালাতে না পারে, সে জন্য নৌপুলিশ টহল দিচ্ছে।
নড়িয়া বাজারের ব্যবসায়ী হুমায়ুন খালাসি ঢাকার চকবাজার ও মৌলভীবাজার থেকে মালামাল এনে বিক্রি করেন। তিনি আজ সকালে লঞ্চে করে ঢাকায় যাওয়ার জন্য নড়িয়া ঘাটে অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘নড়িয়া থেকে সারা দিনে অন্তত ৮টি লঞ্চ ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে যায়। সেই লঞ্চে করে পণ্যসামগ্রী আনা-নেওয়া করি। সকালে ঘাটে এসে জানতে পারি লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। সোমবার গভীর রাতে ঘোষণা দেওয়ার কারণে আমরা আগে জানতে পারিনি। আমরা যারা নিত্যপণ্যের ব্যবসায়ী, তাদের অন্তত একটা দিন সুযোগ দেওয়া উচিত ছিল।’
জাজিরার মঙ্গল মাঝির ঘাটের নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গতকাল বিকেলেই বিআইডব্লিউটিএ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর আমরা নৌযানের চালক ও মালিকদের নৌযান বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কেউ যাতে অবৈধভাবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ট্রলার ও স্পিডবোট চালাতে না পারে, সে জন্য নৌপুলিশ টহল দিচ্ছে।’
বিআইডব্লিউটিসির চাঁদপুর-শরীয়তপুর নৌপথের ভেদেরগঞ্জের আলুর বাজার ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুল মোমেন বলেন, লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল করছে। ফেরিতে পণ্যবাহী ট্রাক ও চট্টগ্রাম অঞ্চলের দিকে কিছু যাত্রীবাহী বাস পারাপার হচ্ছে।