শর্ত পূরণ হলেই ফিরবেন রোহিঙ্গারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের আশ্রয়শিবিরের বিভিন্ন জায়গায় জড়ো হয়ে ‘গণহত্যা দিবস’ পালন করেন রোহিঙ্গারা। বুধবার সকালে তোলা ছবি
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরগুলোতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা ‘গণহত্যা দিবস’ পালন করেছে। প্রশাসনের অনুমতি না থাকায় তারা সীমিত পরিসরে ও অনেকটা গোপনে  আজ বুধবার দিবসটি পালন করে। এ সময় তারা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে নিহত স্বজনদের স্মরণ ও এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করে।

‘গণহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে নাগরিকত্ব, সম্পদ ফিরিয়ে দেওয়াসহ চারটি শর্ত পূরণ করলে রোহিঙ্গারা মিয়ানমারে ফিলে যাবে বলে ঘোষণা দেয়। আজ বাংলাদেশে পালিয়ে আসার চতুর্থ বর্ষ পূর্তিতে ‘গণহত্যা’ দিবস পালন করা হয়। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শত শত রোহিঙ্গা নারী ও পুরুষ আশ্রয়শিবিরের বিভিন্ন অলিগলি ও বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।

কর্মসূচি চলাকালে ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর হাতে নিহত স্বজনদের ছবিসংবলিত পোস্টার, প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। বিভিন্ন আশ্রয়শিবিরের মসজিদে জোহরের নামাজের পর ‘গণহত্যা দিবস’ উপলক্ষে স্মরণসভা হয়। এ সময় নিহত রোহিঙ্গাদের আত্মার মুক্তি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কক্সবাজারের একটি আশ্রয়শিবিরে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে প্ল্যাকার্ড টাঙানো হয়েছে। বুধবার দুপুরে তোলা ছবি
প্রথম আলো

সকাল ১০টার দিকে টেকনাফের জাদীমুরা আশ্রয়শিবিরের ই-ব্লকের মসজিদের পাশে পোস্টার নিয়ে জড়ো হন কয়েকজন রোহিঙ্গা। সাজেদা বেগম (৪৫) নামের এক রোহিঙ্গা নারী বলেন, ২০১৭ সালের ২৯ আগস্ট রাখাইন রাজ্যের সিকদারপাড়ায় সে দেশের সেনাবাহিনীর নেতৃত্বে উগ্র মগ সম্প্রদায়েরা তরুণেরা তাঁর বাড়িতে হামলা চালান এবং গুলি করে তাঁর স্বামীকে হত্যা করেন। এরপর তাঁর বাড়িতে আগুন দেন। এ ঘটনার তিন দিন পর তিনি তিন সন্তান নিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন। এখন টেকনাফের জাদীমুরা আশ্রয়শিবিরে আছেন। স্বামী হত্যার বিচার চাইতে তিনি মানববন্ধনে যোগ দেন।

টেকনাফের লেদা আশ্রয়শিবিরের বি-ব্লকে জড়ো হন কয়েকজন রোহিঙ্গা। তাঁদের মধ্যে ছৈয়দ হোসেন (৫৫) নামের এক রোহিঙ্গা বলেন, গণজমায়েত ও বিক্ষোভ সমাবেশের ওপর সরকারের কঠোর নজরদারি আছে। গত রাতে কয়েকজন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেছে পুলিশ। তারপরও মিয়ানমারের প্রতি ঘৃণা জানাতে গোপনে এই কর্মসূচি হচ্ছে।

কয়েকজন রোহিঙ্গা নেতা বলেন, ‘আমরা চেয়েছিলাম সীমিত আকারে হলেও গণহত্যা দিবসের সভা-সমাবেশ করে মিয়ানমারের বিরুদ্ধে ঘৃণা জানাতে। কিন্তু অনুমতি মেলেনি। করোনা সংক্রমণ রোধে আশ্রয়শিবিরগুলোতে আগে থেকেই বিধিনিষেধ জারি করা আছে। গত দুই বছরও আশ্রয়শিবিরগুলোতে রোহিঙ্গারা গণহত্যা দিবস পালন করতে পারেনি।’

কয়েকজন রোহিঙ্গা নেতা বলেন, ২০১৯ সালে ২৫ আগস্ট উখিয়ার কুতুপালং শিবিরের ফুটবল মাঠে কয়েক লাখ রোহিঙ্গার গণহত্যাবিরোধী মহাসমাবেশটি বিশ্ববাসীর নজর কেড়েছিল। সংরক্ষিত আশ্রয়শিবিরের ভেতরে বড় ধরনের রোহিঙ্গা সমাবেশ করতে অনুমতি দিয়ে বেকায়দায় পড়েছিলেন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে ২৫ আগস্টের সমাবেশ করতে দেওয়া হচ্ছে না।

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় আট লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাইমুল হক বলেন, করোনার কারণে আশ্রয়শিবিরগুলোতে আগে থেকেই লোকসমাগম, সভা, সমাবেশ নিষিদ্ধ। তাই ২৫ আগস্টের কোনো কর্মসূচি সেখানে পালন করতে দেওয়া হয়নি। তবে রোহিঙ্গারা আশ্রয়শিবিরের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল করে রাখাইনের গণহত্যার নিন্দা জানিয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় আট লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

১০ সংগঠনের যৌথ বিবৃতিতে মিয়ানমারে ফেরার তাগিদ
চতুর্থ গণহত্যা দিবসকে ঘিরে যৌথ বিবৃতি দিয়েছে রোহিঙ্গাদের অধিকার আদায়ের জন্য কাজ করা ১০টি সংগঠন। ওই বিবৃতিতে বলা হয়, ‘আমরা আন্তর্জাতিক বিচার আদালতের গণহত্যা মামলা সমর্থন করি। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সম্পর্কে একটি স্পষ্ট গণহত্যা দিবস ঘোষণার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে সরকারগুলোর সহযোগিতা চাই। রোহিঙ্গাদের আশ্রয় ও নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানাই।’

সংগঠনগুলোর নেতারা বলেন, ‘২৫ আগস্ট গণহত্যা দিবস পালন করার উদ্দেশ্য হলো, রোহিঙ্গাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে, সেদিন রাখাইনে কী ঘটেছিল। দিবসটি পালনের মাধ্যমে আমরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নৃশংসতা, গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য তাঁদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই। কারণ, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী আমাদের গ্রাম ধ্বংস করেছে। এ ছাড়া তারা আমাদের লোকজনকে হত্যা ও ধর্ষণ করে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। এই হামলার ফলে ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে।’

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন দাবি
বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গাকে দ্রুত প্রত্যাবাসনের দাবিতে আজ বুধবার দুপুরে কক্সবাজার শহরের পৌরসভা ভবন চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি’।

সংগঠনের সহসভাপতি মনজুর আলম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায়ী নুরুল আজিম সওদাগর, সাংবাদিক ইমাম খাইর, শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন, চার বছরেও একজন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। মিয়ানমারের অনীহা ও দেশি–বিদেশি কতিপয় এনজিও ও সন্ত্রাসী গ্রুপের ইন্ধনে রোহিঙ্গাদের বাংলাদেশে স্থায়ীভাবে থেকে যাওয়ার চক্রান্তে লিপ্ত। ক্যাম্প ছেড়ে লাখো রোহিঙ্গা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে। তারা ইয়াবা, সোনা চোরাচালানসহ চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণসহ নানা অপরাধকর্মে জড়িয়ে পড়ছে।