শর্ষের দাম বাড়লেও কৃষক লোকসানে

গত বছর ডিসেম্বরে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শর্ষেখেতে বড় ধরনের ক্ষতি হয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা জেলার মানচিত্র

মাগুরা শহরের নতুনবাজার হাটে এক মণ শর্ষে বিক্রি করেছেন শ্রীপুর উপজেলার কালিনগর গ্রামের চাষি কামরুজ্জামান শিকদার। পাইকারি বাজারে এক মণ শর্ষের দাম পেয়েছেন ৩ হাজার ৭০০ টাকায়। গত বছর প্রতি মণ শর্ষে বিক্রি করে তিনি পেয়েছিলেন সর্বোচ্চ তিন হাজার টাকা।

গত বছরের তুলনায় বেশি দাম পেয়েও মুখে হাসি নেই চাষি কামরুজ্জামানের। কারণ, দাম বাড়লেও এ মৌসুমে শর্ষের ফলন ভালো হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, ফলন হয়েছে অর্ধেকের কম। আধা একর জমিতে শর্ষে পাওয়ার কথা ছিল চার থেকে ছয় মণ। সেখানে পাওয়া গেছে আড়াই মণেরও কম।

একই কথা জানান সদর উপজেলার মঘি গ্রামের চাষি বাকিয়ার রহমান। তিনি বলেন, ফসলের দাম বাড়লেও কৃষকের ভাগ্য বদলায় না। দাম তখনই বাড়ে, যখন কৃষকের ঘরে ফসল থাকে না। অন্যবারের তুলনায় শর্ষে হয়েছে অর্ধেক। এই চাষি জানান, ৩০ শতক জমিতে শর্ষে চাষ করেছিলেন তিনি। তাঁর আশা ছিল অন্তত তিন মণ শর্ষে পাবেন। সেখানে পেয়েছেন এক মণের একটু বেশি। পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রির মতো শর্ষে আর ঘরে নেই।

আধা একর জমিতে শর্ষে পাওয়ার কথা ছিল চার থেকে ছয় মণ। সেখানে পাওয়া গেছে আড়াই মণেরও কম।
কামরুজ্জামান শিকদার, শ্রীপুর উপজেলার বাসিন্দা

মাগুরা কৃষি সম্প্রসারণ কেন্দ্রের উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ১৩ হাজার ৩০৯ হেক্টর জমিতে শর্ষের আবাদ হয়েছে। গত বছর আবাদের পরিমাণ ছিল ১৩ হাজার ৪৯৫ হেক্টর। ওই জমিতে গেল বছর উৎপাদন হয়েছিল ১৭ হাজার ৫৪৫ মেট্রিক টন শর্ষে। জেলার মানুষের চাহিদা মিটিয়ে যার একটি অংশ দেশের অন্যান্য জেলায় বিক্রি হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে হেক্টরপ্রতি লক্ষ্যমাত্রা রয়েছে ১ দশমিক ২৫ টন। তবে সে লক্ষ্যমাত্রা পূরণ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি একর শর্ষে আবাদে চাষির খরচ হয় সাত-আট হাজার টাকা। এ পরিমাণ জমিতে উচ্চফলনশীল বিভিন্ন জাতের শর্ষে ১৫-২০ মণ পর্যন্ত উৎপাদন হয়। এবার সেখানে সর্বোচ্চ ১২ মণ পর্যন্ত ফলন পাচ্ছেন চাষিরা। মাগুরা সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শহীদ রেজা বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শর্ষের বড় ধরনের ক্ষতি হয়েছে। ওই সময় অনেক জমিতে হাঁটুপানি জমে গাছ মারা গেছে। এ ছাড়া গত মাসে অসময়ের বৃষ্টি ও শিলা বৃষ্টিতেও রবিশস্যের ক্ষতি হয়েছে।

মাগুরার নতুন ও পুরোনো বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে খুচরা প্রতি লিটার শর্ষের তেল বিক্রি হচ্ছে ২২০ টাকা করে, যা বাজারে শর্ষের তেলের দামে রেকর্ড। দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন শর্ষে ওঠার আগে প্রতি লিটার তেলের দাম ছিল ১৮০-১৯০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, শর্ষের দাম বাড়ার পাশাপাশি সয়াবিনের দাম বাড়ায় শর্ষের তেলের দাম বেড়েছে। পাইকারি বাজারে ছয় মাস আগে লিটারপ্রতি শর্ষের তেলের দাম ১৬০ টাকা ছিল।

মাগুরা নতুনবাজারসহ কয়েকটি হাটে খবর নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে প্রতি মণ শর্ষে বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায়। মাগুরা নতুনবাজারের পাট ও ভুসিমাল ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সালাম প্রথম আলোকে বলেন, আগের বছরগুলোয় এ সময়ে বাজারে প্রতিদিন কয়েক শ টন শর্ষের কেনাবেচা হতো। কিন্তু এবার বৈরী আবহাওয়ায় শর্ষেসহ অন্য রবি ফসলের সরবরাহ কম। ফাঁকা দোকান নিয়ে বসে আছেন ব্যবসায়ীরা।