শর্ষের ফলন ভালো, আশায় বুক বাঁধছেন চাষি

স্বল্প খরচ ও কম সময়ে শর্ষে চাষ করা যায়। এ কারণে এ চাষ দিন দিনসিলেটে বাড়ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকার বাওন হাওরে। সম্প্রতি তোলা ছবি
ছবি: প্রথম আলো

গত এক সপ্তাহের ব্যবধানে শর্ষের তেলের দামও লিটারপ্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। তবে এখন চলছে শর্ষে কাটার মৌসুম। এবার শর্ষের ফলন ভালো হয়েছে। এ ছাড়া দামও ভালো। এ কারণ চাষিরা বেশ খুশি।

কয়েকজন চাষির সঙ্গে কথা বলে জানা গেছে, স্বল্প খরচ ও কম সময়ে শর্ষে চাষ করা যায়। এ কারণে শর্ষের চাষ দিন দিন সিলেটে বাড়ছে। উন্নত জাতের শর্ষে চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। শর্ষের আবাদ মৌসুম হচ্ছে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। তবে এবার আবাদের সময় বৃষ্টি হওয়ায় উৎপাদনে কিছুটা প্রভাব পড়েছে। এরপরও ফলন ও দামে বেজায় খুশি চাষিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের চার জেলায় চলতি বছর ১১ হাজার ৮০০ হেক্টর জমিতে শর্ষে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে চাষ হয়েছে ১১ হাজার ৯০০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ২৬৬ মেট্রিক টন। তবে গত রোববার পর্যন্ত ৭ হাজার ১৯৪ হেক্টর জমির শর্ষে কর্তন হয়েছে এবং এর বিপরীতে উৎপাদন হয়েছে ৭ হাজার ২১০ মেট্রিক টন শর্ষে। এর আগে গত বছর ১১ হাজার ৪৩২ হেক্টর জমিতে শর্ষের আবাদ হয়েছিল। এর বিপরীতে উৎপাদন হয়েছিল ১৪ হাজার ১৮৩ মেট্রিক টন শর্ষে।

বিভাগের চার জেলার মধ্যে সিলেটে ৩ হাজার ২০ হেক্টর, মৌলভীবাজারে ২ হাজার ৩১০ হেক্টর, হবিগঞ্জে ৩ হাজার ৬০০ হেক্টর এবং সুনামগঞ্জে ২ হাজার ১৭০ হেক্টর জমিতে শর্ষে আবাদ হয়েছে। এর মধ্যে রোববার পর্যন্ত সিলেটে ৩ হাজার ৮১৫ হেক্টর, মৌলভীবাজারে ১৬০ হেক্টর, হবিগঞ্জে ১ হাজার ৩৫০ হেক্টর এবং সুনামগঞ্জে ১ হাজার ৮৬৯ হেক্টর জমির শর্ষে কর্তন করেছেন চাষিরা। এ পর্যন্ত কর্তনের বিপরীতে সিলেটে ৪ হাজার ৫৭৮ মেট্রিক টন, মৌলভীবাজারে ১৮৪ মেট্রিক টন, হবিগঞ্জে ১৮ মেট্রিক টন এবং সুনামগঞ্জে ২ হাজার ৪২৯ মেট্রিক টন শর্ষে উৎপাদন হয়েছে।

কয়েকজন চাষি বলেন, গত বছর প্রতি মণ শর্ষে তাঁরা ২ হাজার ৩০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছেন। তবে এবার প্রতি মণ শর্ষে তাঁরা ৩ হাজার ১০০ টাকা থেকে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি করতে পারছেন।

শর্ষে বেচাকেনার মৌসুম পুরোদমে চললেও এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে শর্ষের সংগ্রহ মূল্য নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন বিএডিসি সিলেটের উপপরিচালক সুপ্রিয় পাল। তিনি প্রথম আলোকে বলেন, কয়েক দিনের মধ্যে সংগ্রহ মূল্য নির্ধারিত হবে।

সিলেটের কোম্পানীগঞ্জের টুকেরবাজার গ্রামের শর্ষে চাষি আনোয়ার হোসেন জানান, তিনি চলতি বছর ১৬ একর জমিতে শর্ষে চাষ করেছেন। গত বছর তিনি ২ হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকা শর্ষে বিক্রি করেছেন। এবার মণপ্রতি শর্ষে ৩ হাজার ১০০ টাকা থেকে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি করতে পারছেন। দামে তিনি সন্তুষ্ট।

সিলেট সদর উপজেলার সোনাপুর গ্রামের কৃষক আহাদ মিয়া জানান, শর্ষের বীজ বিক্রির চেয়ে তেল তৈরি করে বিক্রি করায় তাঁর লাভ তুলনামূলকভাবে বেশি হয়।

সিলেটের গ্রামাঞ্চলে ছয় মাস আগে খুচরা শর্ষের তেল লিটার প্রতি ১৬০-১৭০ এবং বর্তমানে ২১০-২২০ টাকা বিক্রি করা হয়। এ ছাড়া ছয় মাস আগে শহর ও শহরতলীতে শর্ষের তেল লিটারপ্রতি ১৮০-১৯০ টাকায় এবং এখন ২৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছয় মাস আগে গ্রামাঞ্চলে শর্ষের তৈল পাইকারি লিটার প্রতি ২০০ টাকা ও শহরে ২১৫-২২০ টাকায় বিক্রি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কাজী মজিবুর রহমান বলেন, সিলেটেও শর্ষের আবাদ ক্রমশ বাড়ছে। কৃষকদের শর্ষে চাষে এগিয়ে আসতে উৎসাহিত করা হচ্ছে। বিগত বছরের তুলনায় এবারের ফলন ভালো। দামেও কৃষকেরা সন্তুষ্টি প্রকাশ করছেন। ভবিষ্যতে সিলেটে শর্ষের উৎপাদন বাড়াতে নানামুখী উদ্যোগ নেওয়া হবে।